shono
Advertisement

Breaking News

Rampurhat

রামপুরহাটে উদ্ধার বিপুল জিলেটিন স্টিক, নাশকতার ছক! গ্রেপ্তার শরিফুল

ফের রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণে বিস্ফোরক! ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি থেকে মিলেছে ৩০৪টি জিলেটিন স্টিক।
Published By: Suhrid DasPosted: 03:58 PM Aug 14, 2026Updated: 04:13 PM Aug 14, 2026

ফের রামপুরহাটে উদ্ধার হল বিপুল পরিমাণে বিস্ফোরক! ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি থেকে মিলেছে ৩০৪টি জিলেটিন স্টিক। এছাড়াও আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। দিন কয়েক আগে রাজ্যে আইএসআই এক চর গ্রেপ্তার হয়েছে বেঙ্গল এসটিএফের হাতে। জঙ্গিদের জাল কী রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে? সেই প্রশ্নও উঠেছে। তারই মধ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। নাশকতার ছক কষা হচ্ছে? নাকি অন্য কোনও কারণ? সেই সূত্র খুঁজছে পুলিশ।

Advertisement

গোপন সূত্রে রামপুরহাট থানার পুলিশের কাছে তথ্য গিয়েছিল। রামপুরহাটের আয়াস গ্রামের বাথান পাড়া এলাকায় হানা দেয় পুলিশের দল। এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। বাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ জিলেটিন স্টিক। ওই বাড়ির মালিক শরিফুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০৪টি জিলেটিন স্টিক।

ধৃতকে এদিনই রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে। এত বিপুল পরিমাণ বিস্ফোরক কী জন্য মজুত করা হয়েছিল? ঘটনার সঙ্গে কি নাশকতার কোনও যোগসূত্র রয়েছে? নাকি বেআইনি পাথর খাদানে বিস্ফোরণের জন্য ওই বিস্ফোরক বেআইনিভাবে মজুত করা হয়েছিল? ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে দীর্ঘ জেরা করতে চাইছে পুলিশ। প্রসঙ্গত, গত একমাসের মধ্যে রামপুরহাট এলাকায় এই নিয়ে তিনবার বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। কলকাতা থেকে এনআইএ-এর একটি টিম রামপুরহাট গিয়েও তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়। এক ব্যক্তিকে পাকড়াও করে তদন্তকারীরা নিয়েও গিয়েছিলেন। 

ঘটনার সঙ্গে তৃণমূল জড়িয়ে আছে বলে বিজেপির অভিযোগ। বিজেপির জেলা সভাপতির অভিযোগ, ভোটের আগে তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের বিস্ফোরক বাড়িতে বাড়িতে মজুত রেখেছে। যদিও পুলিশ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর পুলিশি অভিযান বেড়েছে। বিভিন্ন জায়গায় অস্ত্র, বোমা-সহ একাধিক দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। অতি সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হয়েছে জইশ জঙ্গি হামিম মণ্ডল। চলতি সপ্তাহেই উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে পাক চর রানা রউফকে। জঙ্গিজাল কি রাজ্যের আর কোথাও ছড়িয়েছে? রামপুরহাটের এই বিস্ফোরক উদ্ধারের সঙ্গেও কি কোনওভাবে জঙ্গি যোগ রয়েছে? সেই চর্চাও চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement