shono
Advertisement

Breaking News

আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে জিতেন্দ্রর স্ত্রীকে তৃতীয় নোটিস, শনিবার বাড়িতে থাকার ফরমান

ওই অনুষ্ঠান প্রসঙ্গে পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন তাঁকে।
Posted: 08:32 PM Dec 23, 2022Updated: 08:32 PM Dec 23, 2022

শেখর চন্দ্র, আসানসোল: তৃতীয়বার নোটিস দেওয়া হল চৈতালি তিওয়ারিকে। শুক্রবার ওই নোটিস চৈতালি তিওয়ারির আবাসনের দরজায় সাঁটিয়ে আসে পুলিশ। নোটিসে বলা হয়েছে শনিবার যেন চৈতালি বাড়িতে থাকেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন তাঁকে। জানা গিয়েছে, চৈতালি তিওয়ারি উপস্থিত থাকবেন। কারণ, ইতিমধ্যেই তিনি হাই কোর্টের রক্ষাকবচ পেয়েছেন।

Advertisement

আসানসোল কম্বল বিতরণ কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারিকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে কলকাতা হাই কোর্ট। সুরক্ষা সময়কাল ৩ সপ্তাহ। তবে ঘটনার তদন্তে চৈতালিকে পূর্ণ সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে আদালত। সপ্তাহে দু’দিন দু’ঘন্টা করে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করা যাবে। শনিবার ও সোমবার দিন ধার্য হয়েছে। সেই মতো চৈতালির বাড়িতে পুলিশ আসবে শনিবার।

[আরও পড়ুন: উপাচার্যের সঙ্গে ‘দুর্ব্যবহার’, বরখাস্ত অধ্যাপক, ৭ পড়ুয়াকে শোকজ করল বিশ্বভারতী]

জিতেন্দ্র তিওয়ারি জানান, পদপিষ্টের ঘটনায় যে শিশুটির মৃত্যু হয়েছে সে চৈতালির ঘনিষ্ঠ। তার মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন চৈতালি। চিকিৎসার জন্য তিনি কলকাতা গিয়েছিলেন। শনিবার ফিরে আসছেন। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সবরকম সহযোগিতা করা হবে। ইতিমধ্যেই চৈতালিকে জিজ্ঞাসাবাদে তার বাড়ি থেকে দু’বার খালি হাতে ফিরতে হয়েছে পুলিশকে। শুক্রবারও দেখা যায় বাড়ি তালা বন্ধ।

নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ হন জিতেন্দ্র। সেই মামলায় বৃহস্পতিবার হাই কোর্ট ৩ সপ্তাহের নিরাপত্তা দেন। এই সময়ের মধ্যে চৈতালি চাইলে আগাম জামিনের আবেদনও করতে পারেন। জিতেন্দ্রর স্ত্রীকে বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস জারি করেছে পুলিশ। নোটিস বাতিলের জন্য আদালতে আবেদন করা হয়। শুনানির সময় বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, চৈতালির বিরুদ্ধে নোটিস বাতিলের মামলা কি গ্রহণ করা উচিত? কম্বল বিতরণ পদপিষ্ট হওয়ার জন্য পুলিশ এ মামলায় চৈতালিকে গ্রেপ্তার করতে পারে না। তবে তদন্তের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আদালতের নির্দেশে চৈতালিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকলেই হাজির করা হবে।

[আরও পড়ুন: ‘মক্কেল এত ভিআইপি! গর্ব হওয়া উচিত’, অনুব্রতর আইনজীবীর সঙ্গে মশকরা বিচারপতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement