shono
Advertisement
Katwa

কাজে গিয়ে ৮ মাস নিখোঁজ পরিযায়ী ছেলে, ছবি হাতে কেরলের পথে পথে ঘুরছেন কাটোয়ার বাবা

ছেলের খোঁজ না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন মা আলেয়া বিবি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ছেলের কোনও খবর না পাওয়ায় তিনি কার্যত শয্যাশায়ী হয়ে পড়েছেন।
Published By: Kousik SinhaPosted: 05:28 PM Jun 21, 2026Updated: 05:28 PM Jun 21, 2026

অভাবের সংসারে আর্থিক সুরাহার আশায় ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু তার পর থেকেই নিখোঁজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক তরুণ। আট মাস কেটে গেলেও তাঁর কোনও খোঁজ না মেলায় উদ্বেগে দিন কাটছে পরিবারের। এই পরিস্থিতিতে ছেলের সন্ধানে এখন কেরলের রাস্তায় রাস্তায় ছবি হাতে ঘুরে বেড়াচ্ছেন অসহায় বাবা।

Advertisement

মফিজুল বলেন, ‘‘ছেলের সঙ্গে ঝগড়া হয়েছিল। তার পরেই সে কেরলে চলে যায়। যাওয়ার দু’দিন পরে ওর মাকে ফোন করে জানিয়েছিল যে কাজে পৌঁছেছে। সেটাই শেষ কথা। তারপর থেকে ফোন বন্ধ। আর কোনও যোগাযোগ নেই।’’

জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম সুকুর আলি মল্লিক (১৯)। তিনি কাটোয়া থানার পেকুয়া গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, গত বছরের ৫ নভেম্বর নির্মাণ শ্রমিকের কাজে কেরলে গিয়েছিলেন সুকুর। সেখানে পৌঁছনোর দু’দিন পরে মাকে ফোন করে নিজের অবস্থানের কথা জানিয়েছিলেন। তারপর থেকেই তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সুকুরের বাবা মফিজুল মল্লিক গ্রামে টোটো চালিয়ে সংসার চালান। তাঁর দুই ছেলের মধ্যে সুকুর বড় এবং ছোট ছেলে সাবির আলি মল্লিকও কেরলে শ্রমিকের কাজ করেন। মফিজুল জানান, বহু খোঁজাখুঁজির পরেও ছেলের কোনও সন্ধান মেলেনি। থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও তাতে বিশেষ কোনও অগ্রগতি হয়নি বলেই দাবি পরিবারের।

কেরলে নিখোঁজ সুকুর আলি মল্লিক।

এই প্রসঙ্গে মফিজুল বলেন, ‘‘ছেলের সঙ্গে ঝগড়া হয়েছিল। তার পরেই সে কেরলে চলে যায়। যাওয়ার দু’দিন পরে ওর মাকে ফোন করে জানিয়েছিল যে কাজে পৌঁছেছে। সেটাই শেষ কথা। তারপর থেকে ফোন বন্ধ। আর কোনও যোগাযোগ নেই।’’ তিনি জানান, কেরলে কর্মরত কাটোয়া মহকুমার বিভিন্ন এলাকার বহু শ্রমিকের কাছেও ছেলের ছবি পাঠানো হয়েছিল। কিন্তু কেউই তাঁর কোনও খোঁজ দিতে পারেননি। সম্প্রতি কয়েক জনের পরামর্শে তিনি নিজেই কেরলে গিয়েছেন। সেখানে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছেলের খোঁজ করছেন। মফিজুলের আশঙ্কা, ''কোনও খারাপ চক্রের পাল্লায় পড়ে ছেলের সঙ্গে অঘটন ঘটেনি তো? সেই ভয়ই এখন তাড়া করছে। পুলিশের কাছেও একাধিক বার গিয়েছি। কিন্তু আশার আলো পাওয়া যায়নি।’’

এ দিকে ছেলের খোঁজ না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন মা আলেয়া বিবি। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ছেলের কোনও খবর না পাওয়ায় তিনি কার্যত শয্যাশায়ী হয়ে পড়েছেন। প্রতিবেশীদের বক্তব্য, পেকুয়া গ্রামের বেশ কয়েক জন যুবক কেরলে নির্মাণ শ্রমিকের কাজ করেন। তাঁদের প্রায় সকলের সঙ্গেই যোগাযোগ করে সাহায্য চেয়েছে পরিবার। কিন্তু এখনও পর্যন্ত সুকুর আলি মল্লিকের কোনও সন্ধান পাওয়া যায়নি। আট মাস ধরে নিখোঁজ তরুণকে ঘিরে অনিশ্চয়তা এবং উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে। পরিবারের একটাই আবেদন— কেউ যদি সুকুরের বিষয়ে কোনও তথ্য জানেন, তবে দ্রুত তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement