shono
Advertisement
Rath Yatra

এবার শাল-সেগুনের নতুন রথেই রথযাত্রা মা তারার, ভক্তদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

রাজ্য সরকার রথযাত্রা উপলক্ষে তারাপীঠ মন্দির কমিটির সেবাইত সমিতিকে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে।
Published By: Tiyasha SarkarPosted: 02:02 PM Jul 13, 2026Updated: 03:19 PM Jul 13, 2026

তারাপীঠ মন্দিরের রথযাত্রা এবার নতুন মাত্রা পেতে চলেছে। বাংলার ২৫টি ঐতিহ্যবাহী রথের তালিকায় মা তারার রথ অন্তর্ভুক্ত হওয়ার পর রাজ্য সরকার তারাপীঠ মন্দির কমিটির সেবাইত সমিতির জন্য ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেছে। তাই এবার মা তারার জন্য তৈরি হচ্ছে বিশেষ রথ। জানা যাচ্ছে, অনুদানের অর্থ কোন খাতে কীভাবে ব্যয় করা হবে, আগামী বৃহস্পতিবার রথযাত্রা (Rath Yatra) কীভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

পুরনো রথ নষ্ট হয়ে যাওয়ায় শাল ও সেগুন কাঠ দিয়ে নতুন রথ নির্মাণ চলছে তারাপীঠ মন্দির কমিটির নিজস্ব খরচে। পুরনো রথের ঐতিহ্য বজায় রাখতে শুধুমাত্র দু'টি চাকা ও ধুরি সংরক্ষণ করা হচ্ছে। বাকি প্রায় সম্পূর্ণ কাঠামো উন্নত মানের সেগুন কাঠ দিয়ে নতুন করে নির্মাণ করা হচ্ছে। রথটিকে আরও মজবুত, নিরাপদ এবং নান্দনিকভাবে তৈরি করার কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রতি বছরের মত এবছরও রথযাত্রার দিন মা তারাকে বিশেষ পুজোর পর রথে আরোহন করিয়ে তারাপীঠ মন্দির সংলগ্ন নির্ধারিত পথে পরিক্রমা করানো হবে। ভক্তদের নিরাপত্তা ও নির্বিঘ্ন দর্শনের জন্য প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যারিকেড, স্বেচ্ছাসেবক মোতায়েন এবং স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে।

তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানান, "অন্যান্য বছরের তুলনায় এবারের রথযাত্রা আরও আকর্ষণীয় ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী রথগুলির সংরক্ষণ ও উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় তারাপীঠের মা তারার রথ অন্তর্ভুক্ত হওয়ায় মন্দির কর্তৃপক্ষ খুশি। সরকারি এই সহায়তা রথের উন্নয়ন এবং উৎসবের সামগ্রিক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।" মন্দির কমিটির আশা, ঐতিহ্য, ধর্মীয় আচার এবং আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে এবারের মা তারার রথযাত্রা আগের সব বছরের তুলনায় আরও সুশৃঙ্খল, নিরাপদ ও জাঁকজমকপূর্ণ হবে। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement