জমি নিয়ে বিবাদ! মামার হাতে খুন ভাগ্নে। সালিশি সভায় ডেকে ভাগ্নেকে খুনের অভিযোগ মামার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালিশি সভায় উপস্থিত থাকা চারজনের নামে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সানারুল শেখ। সানারুল নবগ্রাম থানার অন্তর্গত দামরুল গ্রামের বাসিন্দা। মামা হারু শেখের সঙ্গে জমি বিবাদ ছিল সানারুলে। তা মেটানোর জন্য় ২০ জুন সন্ধ্যায় গ্রামে সালিশি সভা ডাকা হয় বলে অভিযোগ। সেখানে গ্রামের কয়েকজন, হারু ও সানারুল উপস্থিত ছিলেন। সেই সময় তাঁদের মধ্যে বাদানুবাদ হয় বলে জানা গিয়েছে। অভিযোগ সেই সময় ভাগ্নে সানারুলকে গাছের ডাল দিয়ে মামা হারু বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সানারুল। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।সেখানে আরও অবনতি হলে চিকিৎসকরা কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কলকাতার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে ২৩ তারিখ তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের পর বুধবার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ দিকে মামা হারু শেখের নামে অভিযোগ দায়ের হয় থানায়। সানারুলের মৃত্যুর পর তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ। সানারুলের পরিবারে শোকের ছায়া।
