সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি। প্রকাশ্যে অপরাধের পরও আস্ফালন থামেনি। অশ্লীলতার ভিডিও ক্যামেরাবন্দি করার চেষ্টা করল বহিরাগতরা। কোচবিহারের চ্যাংড়াবান্ধা হাইস্কুলের এই ছবি প্রকাশ্যে আসতে তোলপাড় শিক্ষামহল।
[প্রেমিকার বাড়িতে রহস্যমৃত্যু বিবাহিত যুবকের]
ফুটেজে দেখা যায় স্কুল ইউনিফর্ম পরা অবস্থাতেই এক ছাত্রীকে উত্যক্ত করা হচ্ছে। তার শরীরের নানা জায়গায় আপত্তিকরভাবে স্পর্শ করেই ক্ষান্ত হয়নি বহিরাগত কিশোর। হেনস্থার ছবি সে তোলার চেষ্টা করছে মোবাইলে। মেয়েটি লজ্জায় লাল হয়ে গেলেও তার কোনও ভ্রূক্ষেপ নেই। এত কাণ্ডের পর ছাত্রীটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। স্থানীয় বাসিন্দাদের এই পরিস্থিতির জন্য স্কুলের দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। নিয়মিত এমনই লজ্জার সাক্ষী থাকছেন তারা। কয়েকজন বহিরাগতকে ধরে মারধরের পর স্কুল কর্তৃপক্ষর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ এরপরও হুঁশ ফেরেনি স্কুলের প্রশাসকদের। প্রায় প্রতিদিনই লাঞ্ছনা, অপমান, যৌন হেনস্থার মুখে পড়থে পড়ুয়ারা। স্থানীয়দের বক্তব্য, স্কুলে এমন ঘটনার জন্য তারা বাড়ির বাইরে সন্তানদের নিয়ে যেতে লজ্জা পান। এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুল খোলার সময় ও ছুটির সময় এই বহিরাগতদের দৌরাত্ম্য শুরু হয়। যেন পার্কের মতো চেহারা নেয় এলাকা। ইচ্ছেমতো হাত ধরে টানাটানি চলতে থাকে।
[২ লক্ষ টাকা পণ চাই, স্ত্রীর কিডনি ‘বিক্রি’ করে দিল স্বামী!]
এই ব্যাপারে অবশ্য প্রথমে প্রতিক্রিয়া দিতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে হইচই শুরু হওয়ায় স্কুলের প্রধান শিক্ষিকা তাপসী সরকার বোঝানোর চেষ্টা করেন এতে স্কুলের কোনও হাত নেই। তাঁর দাবি, এমন কিছু ঘটনা তাঁর চোখে পড়েনি। স্কুলের স্টাফরা ঘুরে দেখে এমন কিছু পাননি। আর স্থানীয়দের বক্তব্য নিয়ে প্রধান শিক্ষিকার দাবি এমন কোনও অভিযোগ আসেনি স্কুলের কাছে। স্কুল পোশাকে বাইরেও এমন ঘটতে পারে বলে তিনি যুক্তি দিয়েছেন। তবে তাপসীদেবী জানান, স্কুলের পিছন দিকে পাঁচিল নেই। জমি সংক্রান্ত গণ্ডগোলে সেই কাজ আটকে রয়েছে। এর ফাঁক দিয়ে এমন কিছু ঘটনা ঘটে পারে বলে তার অনুমান। তবে কিছু সামনে এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে চ্যাংড়াবান্ধার বিডিও বীরুপাক্ষ মিত্র জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওসির সঙ্গে যোগাযোগ করেছেন।
[সতীনকে ঈর্ষা, দুধের শিশুকে ‘খুন’ করল সৎ মা]
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় রয়েছে স্কুল। ওই এলাকায় ছোটখাটো অপরাধ লেগেই থাকে। চ্যাংড়াবান্ধা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে যারা এমন আচরণ করে চলেছে তারা প্রায় প্রত্যেকে নাবালক। কিশোর মনের এমন অবস্থায় অবাক অনেকেই।
প্রতীকী ছবি
The post স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি, ক্যামেরাবন্দি করল বহিরাগতরা appeared first on Sangbad Pratidin.
