shono
Advertisement
Bjp Worker Showcause

ভোট পরবর্তী অশান্তিতে যুক্ত থাকার শাস্তি! ৫০-এর বেশি বিজেপি কর্মীকে শোকজ

দলের নির্দেশ অমান্য করে যাঁরা ভোট পরবর্তী সময়ে বিরোধী দলের লোকজনকে মারধর, হুমকি, পার্টি অফিস দখলের মতো কাজে যুক্ত ছিলেন। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বঙ্গ বিজেপি। শৃঙ্খলারক্ষা কমিটি ৫০ জনের বেশি কর্মীকে শো-কজ করে এক সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে।
Published By: Arpita MondalPosted: 09:40 AM May 23, 2026Updated: 09:40 AM May 23, 2026

রাজধর্ম পালন বিজেপির। ভোট পরবর্তী সময়ে অশান্তির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দলের ৫০ জনের বেশি কর্মীকে শো-কজ করল বঙ্গ বিজেপি। নির্বাচনে জয়লাভের পর দলের নির্দেশ অমান্য করে বিরোধী দলের লোকজনকে হুমকি-মারধর, পার্টি অফিস দখল-সহ দলবিরোধী একাধিক অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি ৫০ জনের বেশি ওই কর্মীকে শো-কজ করে এক সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। কোনওভাবেই রাজনৈতির উশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সরকারে আসার প্রথম দিন থেকেই কর্মীদের সতর্কবার্তা দিয়েছে দল। নেতাদের অনৈতিক কাজে নজর রাখতে শৃঙ্খলা রক্ষা কমিটিও গঠন করা হয়।

Advertisement

দলীয় বৈঠকে শমীক ভট্টাচার্য বলেছিলেন, দলের তৃণমূলিকরণ করা যাবে না। মানুষ যা চায় সেটাই দিতে হবে। ইউনিয়ন দখল, অটো ও টোটো ইউনিয়নে মাথা গলানো চলবে না। অন্য দলের পার্টি অফিস দখল করা চলবে না। এসব করলে কাউকে রেয়াত করা হবে না। এই বার্তার পর সেটা বাস্তবে প্রয়োগ করল বিজেপি। ৫০জন বেশি কর্মীকে শো-কজ করল দল। কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "সংগঠন বিরোধী কাজ করার জন্যই বিভিন্ন জেলায় ৫০-এর বেশি কর্মীকে শো-কজ করা হয়েছে। কমবেশি সব জেলা থেকেই অভিযোগ আসছে। আমরা প্রত্যেকটি অভিযোগই খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করছি।" যাদের শো-কজ করা হয়েছে তারা রাজ্য নেতৃত্বের পরবর্তী নির্দেশ না-পাওয়া পর্যন্ত দলের যে কোনও কাজে যোগ দিতে পারবেন না। তবে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ডের পথে না গিয়ে আপাতত নরম মনোভাব নিয়ে শো-কজ করে কারণ দর্শানোর নির্দেশই দেওয়া হয়েছে। বিজেপির তরফে খবর, উত্তরবঙ্গে কম, মূলত দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ আরও কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছে পার্টির কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement