shono
Advertisement

Breaking News

জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ, ওসিকে লক্ষ্য করে ইটবৃষ্টি জনতার

পুলিশের এ কী পরিণতি! The post জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ, ওসিকে লক্ষ্য করে ইটবৃষ্টি জনতার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:10 PM Jan 06, 2019Updated: 06:10 PM Jan 06, 2019

বাবুল হক, মালদহ: ফের উত্তেজিত জনতার হাতে আক্রান্ত আইনরক্ষক। মালদহের ইংলিশবাজার থানা এলাকার মিলকিতে জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ ঠেকাতে গিয়েছিলেন মিলকি ফাঁড়ির পুলিশ। উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে জখম হলেন ফাঁড়ির ওসি। ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের কাছে জানা গিয়েছে, ইংলিশবাজার থানার অন্তর্গত মিলকি হাসপাতাল সংলগ্ন এলাকার প্রায় সাড়ে তিন বিঘা পরিমাণ জমির দখলদারি ঘিরে গোলমালের সূত্রপাত। ওই জমিটির মালিকানা ছিল মালদহ শহরের বাসিন্দা দেবু শেঠের নামে। অভিযোগ, সেই জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন মিলকির বাসিন্দা নিজাম শেখ। এনিয়ে টানাপোড়েন চলছিলই। মাঝে ঢুকে পড়ে আরেক পক্ষ। মিলকির বাসিন্দা আনোয়ার হোসেন, শেখ সোহম এবং শেখ হাইয়ুল – এই তিন ব্যক্তি দাবি করেন, তাঁরা দেবু শেঠের থেকে জমিটি কিনে নিয়েছেন। এই মামলা গড়ায় আদালত পর্যন্ত। আনোয়ার হোসেনদের দাবি, আদালতের রায় তাঁদের পক্ষে গিয়েছে। অতএব, দেবু শেঠের জমির মালিক এখন তাঁরাই।

                                 [দক্ষিণ ২৪ পরগনায় জোড়া শুটআউট, গুলিবিদ্ধ প্রমোটার ও ব্যবসায়ী]

রবিবার দুপুরে সদলবদলে দেবু শেঠের ওই জমিটির দখল নিতে যান আনোয়ার ও তাঁর দলবল। বচসা বাঁধে দখল করে রাখা নিজাম শেখের সঙ্গে। শুরু হয় হাতাহাতি। উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদহ-মানিকচক রাজ্য সড়কের ধারে মিলকি স্ট্যান্ডে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের সংঘর্ষ থামাতে যান মিলকি ফাঁড়ির ওসি গিয়াসুদ্দিন আহমেদ। ঘটনাস্থলে পৌঁছতেই তাঁকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। ইটের ঘায়ে জখম হন ওসি। তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার বলেন, “পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে। দু’পক্ষের গোলমাল থামাতে গিয়ে ফাঁড়ির ওসি-সহ কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের তরফে একটি মামলা রুজু করা হয়েছে।” বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

The post জমি দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ, ওসিকে লক্ষ্য করে ইটবৃষ্টি জনতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement