সাতসকালে ভয়ংকর দুর্ঘটনা। মহিলাকে পিষে দিল বাস। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ভাঙড়ে (Bhangar)। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় ঘাতক বাসে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, মৃতার নাম নাজিরা খাতুন। বয়স ২৯ বছর। ভাঙড়ের শাঁকশহর পঞ্চায়েতের ঘুঙরি গ্রামের বাসিন্দা তিনি। এদিন সকালে বাসন্তী হাইওয়ে পার করছিলেন তিনি। সেই সময় সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে ছুটে আসে একটি ম্যাটাডোর। তার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন নাজিরা। সেই সময় কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস পিষে দেয় মহিলাকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পাশাপাশি দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার বসানোর দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘক্ষণ স্থানীয়দের সঙ্গে বচসা চলে পুলিশের। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রসঙ্গত, ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মহিলার দেহ। পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে মৃতার পরিবারের সঙ্গে।
