shono
Advertisement

জোট-ঘোঁট আর কোর্ট ছাড়া বিরোধীদের কিছু ছিল না, পঞ্চায়েত রায়ে কটাক্ষ পার্থর

এক বৃন্তে এখন তিনটি ফুল হয়েছে, বাম-বিজেপি-কংগ্রেসকে কটাক্ষ পার্থর।
Posted: 04:19 PM May 10, 2018Updated: 04:34 PM May 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির রায়। দুই রায়ে পঞ্চায়েত জটিলতা অনেকটাই কেটেছে। আগামী ১৪ মে যে ভোট করানো নিয়ে কমিশনের সামনে আর কোনও আইনি জটিলতা নেই। আর তাতেই খুশি তৃণমুলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

 নিরাপত্তা নিশ্চিত হলে ১৪ মে পঞ্চায়েত ভোটে বাধা নেই, রায় আদালতের ]

বৃহস্পতিবারই আদালত জানিয়েছে, ভোট কবে হবে তা ঠিক করবে কমিশন। রাজ্যের প্রদত্ত নিরাপত্তা নিয়ে কমিশন নিশ্চিত থাকলে ভোট করানোর ক্ষেত্রে কোনও বাধা নেই। সেই সঙ্গে বামেদের ই-মনোনয়ন সংক্রান্ত মামলায় যে রায় দিয়েছিল বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ, তার উপরও স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে এই মুহূর্তে নতুন করে ব্যালট ছাপানোর আর প্রয়োজন পড়ছে না। দুই রায়ের ফলে অনেকটাই স্বস্তিতে কমিশন। খুশি শাসকদলও, জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে এদিন শ্লেষ করে তিনি বলেন, “বিরোধীরা পরিকল্পনা করে ভোট বিলম্বিত করার চেষ্টা করেছে। তাতে রাজ্যের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেছেন, আমরা মানুষের দরবারে আছি। জোট-ঘোঁট আর কোর্ট ছাড়া বিরোধীদের কাছে আর তো কিছু ছিল না।”

 হাই কোর্টের ই-মনোনয়ন সংক্রান্ত রায়ে সুপ্রিম স্থগিতাদেশ, পরবর্তী শুনানি ৩ জুলাই ]

বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটের জন্য যে দল প্রস্তুত ছিল তাও জানিয়ে দিলেন পার্থ। বললেন, “আমরা প্রস্তুতি নিয়েই চলছিলাম। আমাদের তো বছরভর মানুষের পাশে থাকতে হয়। ১৪ মে নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, তাতে আমরা খুশি।” এদিন বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, “সাধারণ মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছিল। বাম-বিজেপি-কংগ্রেস যে যেখানে পেরেছেন তা করার চেষ্টা করেছেন। মানুষ এর বিরুদ্ধে যাবে। ওদের এই কৌশল বুঝতে পেরেছে সাধারণ মানুষ। তাঁরা ভোটেই তা প্রমাণ করে দেবেন।” বাম-কংগ্রেস ও বিজেপির আদালতের দ্বারস্থ হওয়াকে কটাক্ষ করে তিনি বলেন এখন এক বৃন্তে এখন তিনটি ফুল হয়েছে। কোথাও পদ্মফুল, আর কোথাও চোখে সর্ষে ফুল। এদিন পার্থবাবু স্পষ্ট করে দেন যে, ১৪ মে ভোটের জন্য শাসকদল পুরোপুরি তৈরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার