shono
Advertisement

পিস্তল উঁচিয়ে বিজেপির মিছিল, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ

অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
Posted: 08:23 PM Jun 23, 2018Updated: 08:53 PM Jun 23, 2018

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: পিস্তল নিয়ে দলীয় কর্মসূচিতে মিছিল করার অভিযোগে বিজেপির এক কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ৷ গত শুক্রবার রাতে পুরুলিয়ার রঘুনাথপুরের দুরমুট এলাকা থেকে বিজেপির ওই কর্মীকে গ্রেপ্তার করা হয়। রঘুনাথপুর থানার পুলিশ জানিয়েছে, ধৃত বিজেপি কর্মীর নাম দিলীপ কৈবর্ত৷ তার বাড়ি ওই গ্রামেই৷ ওই দিন রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে রঘুনাথপুর আদালতে তোলা হলে তার ১৪ দিন জেল হেফাজত হয়৷

Advertisement

গত ২১ জুন বৃহস্পতিবার পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূলের সন্ত্রাস ও পুলিশের অত্যাচারের প্রতিবাদে মহকুমা শাসক কার্যালয় ঘেরাও তথা সন্ত্রাস বিরোধী প্রতিবাদ মিছিলে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে ‘পিস্তল’ উঁচিয়ে হাঁটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় হয় গোটা জেলা। ওই কর্মসূচিতে ছিলেন প্রদেশ পঞ্চায়েত প্রমুখ মুকুল রায়, জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী-সহ একাধিক নেতা-কর্মী। এই সমগ্র ঘটনায় চরম অস্বস্তিতে পড়ে পুরুলিয়া জেলা বিজেপি৷

এদিকে গত ২২ জুন ওই ভিডিও-র প্রেক্ষিতে রঘুনাথপুর থানায় অভিযোগ করেন দলের জেলা যুব কার্যকরী সভাপতি প্রণব দেওঘরিয়া। তারপরই জেলা পুলিশ গোটা বিষয়টি রঘুনাথপুর থানাকে নির্দেশ দেয় এই বিষয়টি খতিয়ে দেখার জন্য। এরপরই পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে চিহ্নিত করে৷ পরে গ্রেপ্তার করা হয়৷ পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৪/৫০৬ ও অস্ত্র আইনে ২৫/২৭/৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে।

এ প্রসঙ্গে পুরুলিয়ার পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” গত রাম নবমীতেও পুরুলিয়া শহরে বজরং দলের শোভাযাত্রায় একজনকে এইভাবেই ‘পিস্তল’ উঁচিয়ে দেখা যায়। সেই ঘটনাতেও একাধিকজনকে গ্রেপ্তার করে পুলিশ৷

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মিছিলের একপাশে অভিযুক্ত স্যান্ডো গেঞ্জি পরা অবস্থায় ডান হাতে পিস্তল উঁচিয়ে মিছিলে হাঁটছেন। মাথায় গামছার সঙ্গে বাঁধা ছিল বিজেপির পতাকা। তার একপাশেই মিছিলে হাঁটছিলেন বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ও পঞ্চায়েত প্রদেশ প্রমুখ মুকুল রায়৷

বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন। তবে তিনি আমাদের দলের মিটিং-মিছিলে আসতেন। পুলিশের এখন কাজ-ই হচ্ছে শাসকদলের কথামতো কীভাবে বিজেপিকে আটকানো যায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার