সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী নাম হবে তা নিয়ে জল্পনা চলছিলই৷ বহুদিন ধরে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে৷ কিন্তু শেষমেশ তা বাস্তবায়িত হওয়ার পথে৷ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তিত হয়ে বাংলা হওয়ার পক্ষেই সোমবার প্রস্তাব পাশ হল বিধানসভায়৷
সেই বিধান রায়ের আমল থেকে বাংলার নাম পরিবর্তনের সম্ভাবনা দেখা গিয়েছে৷ একই পরিস্থিতি দেখা দিয়েছিল বাম আমলেও৷ কিন্তু কোনওবারই তা বাস্তবায়িত হয়নি৷ দেশভাগের ইতিহাস মাথায় নিয়ে এতদিন পশ্চিমবঙ্গ নামই বহাল ছিল৷ তবে ইংরেজিতে তা ওয়েস্ট বেঙ্গল হওয়ায় প্রশাসনিক কাজে পিছনের সারিতে থাকাটাই দস্তুর হয়ে উঠেছিল৷ মমতা সরকারের আমলে এবার তা বদলের পখে৷ অন্তত রাজ্যস্তরে সে কাজ সমাধা হযেছে৷ নানা জল্পনার মধ্যেই সোমবার বিধানসভায় ভোটাভুটি শুরু হয়৷ দেখা যায় পশ্চিমবঙ্গের নাম বাংলা হওয়ার পক্ষে ভোট পড়েছে ১৮৯ দিন, বিপক্ষে ৩১টি ভোট৷ রাজ্যের নাম পরিবর্তন নিয়েও এদিন বিরোধিতা করে বিজেপি, কংগ্রেস ও সিপিএম৷ অনেকেই পক্ষপাতী ছিলেন বঙ্গ নাম হওয়ার পক্ষে৷ ইতিহাসিক সূত্র ধরে বিশেষজ্ঞরা বঙ্গ নামের পক্ষে নানা যুক্তিও সাজিয়েছিলেন৷ কিন্তু বাংলা নাম মানুষের মুখে মুখে ফেরে ফেরে বলে মুখ্যমন্ত্রী নিজে জানান, “বঙ্গ নামটি আমিও পছন্দ করি৷ কিন্তু বাংলা সকলের মুখে মুখে ফেরে৷ সাধারণ মানুষের কাছে বাংলা নামটির গ্রহণযোগ্যতাই বেশি৷ ইংরেজিতে হবে বেঙ্গল৷ বাংলা বা বেঙ্গল থেকে আসছিই সকলকে বলতে শোনা যায়, কই কেউ বঙ্গ থেকে আসছি এমন তো কেউ বলেন না!”
এদিন নাম পরিবর্তনে বিরোধীদের ভূমিকা নিয়ে দৃশ্যতই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী৷ জানান, “এই বিষয়েও ওরা বিরোধিতা করেছে৷ স্রেফ বিরোধিতা করার জন্য বিরোধিতা করাটা খুব দুর্ভাগ্যজনক৷ আরও একবার ঐতিহাসিক ভুল করতে চলেছিল ওরা৷ ইতিহাস ওদের ক্ষমা করবে না৷ বুদ্ধদেববাবুও নাম পরিবর্তনের কথা বলেছিলেন, তখন তো কেউ বিরোধিতা করেনি৷ তবে আজ বাংলার কাছে ঐতিহাসিক দিন৷ সাধারণ মানুষকে আমি আমার অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি৷ আজকের দিনটা আমাদের কাছে খুব গর্বের৷”
রাজ্যে প্রস্তাব পাস হওয়ার পর এবার তা যাবে কেন্দ্রে৷ মুখ্যমন্ত্রীর আশা, কেন্দ্র অন্তত এ প্রস্তাব ফেলে রাখবে না৷ তাড়াতাড়ি তা সংসদে পেশ করা হবেই বলে আশা তাঁর৷ পরে রাষ্ট্রপতির অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ নাম পাল্টে হয়ে উঠবে বাংলা৷
The post ‘বাংলা’ হচ্ছে পশ্চিমবঙ্গ, প্রস্তাব পাশ বিধানসভায় appeared first on Sangbad Pratidin.
