shono
Advertisement

Breaking News

Taherpur

স্বাধীনতা দিবসের রাতে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা! চাঞ্চল্য তাহেরপুরে

গতকাল, শনিবার ছিল দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। আর সেই রাতেই ভাঙা হল বিরসা মুণ্ডা, ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির একাংশ! ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Published By: Suhrid DasPosted: 05:18 PM Aug 16, 2026Updated: 05:18 PM Aug 16, 2026

গতকাল, শনিবার ছিল দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। আর সেই রাতেই ভাঙা হল বিরসা মুণ্ডা, ডক্টর বি আর আম্বেদকরের মূর্তির একাংশ! ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, রবিবার ওই দুই মূর্তি ঠিক করার কাজ শুরু হয়। কে বা কারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটাল? পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Advertisement

নদিয়ার তাহেরপুর থানার মহিষডাঙা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকা। গতকাল, দিনভর স্থানীয় বাসিন্দারা স্বাধীনতা দিবসের উৎসবে সামিল হয়েছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এলাকায় ঢুকে দুই মনীষীর মূর্তির একাংশ ভেঙে দেয়। স্থানীয় বাসিন্দাদের সকালে ওই ঘটনা নজরে আসে। ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে।

এদিন মহিষডাঙা এলাকায় পৌঁছয় তাহেরপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মূর্তি ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কী উদ্দেশ্যে মূর্তি ভাঙা হয়েছে? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। রাতের অন্ধকারে কারা এলাকায় ঢুকেছিল, সেই তথ্যও জানার চেষ্টা চলছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই ভেঙে যাওয়া মূর্তির ওইসব অংশ মেরামতের উদ্যোগ নেন। তাঁদের দাবি, দুই মনীষীর প্রতি এই অশ্রদ্ধা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত বছর করম পুজোর সময় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে ওই দুই মনীষীর মূর্তি বসানো হয়েছিল। কারা এই দুষ্কর্ম করল? সেই চর্চা চলছে। ইতিমধ্যেই তাহেরপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement