দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে তৃণমূলের নেতার বাড়ি যেন জ্বালানি তেলের খনি! বাড়িতেই মজুত ব্যারল ব্যারল ডিজেল। তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লার বাড়ি থেকে উদ্ধার হল হাজার হাজার লিটার বেআইনিভাবে মজুত করা ডিজেল। অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে তেল মজুত করে রাখা হচ্ছিল সেখানে। রবিবার সকালেই স্থানীয়রা চড়াও হয় নেতার বাড়িতে। শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি উত্তপ্ত হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪৮ ব্যারেলে ডিজেল।
শুধু তাই নয়, নজরুলের বাড়ির অদূরে একটি মাঠ থেকেও উদ্ধার হয়েছে ৪ বস্তা সুপারি। ঘটনার পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা নজরুল ইসলাম মোল্লা পলাতক। এই ঘটনায় নজরুলের দাদা আনারুল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি নজরুলের বাড়ি থেকে আটক করা হয়েছে ফ্রেজারগঞ্জ তৃণমূল অঞ্চল সভাপতি প্রসেনজিৎ জানাকেও। তাঁকে ঘিরে বিক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা 'চোর চোর' স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীদের দাবি, "প্রসেনজিৎ গোপন সূত্রে খবর পেয়ে এই সমস্ত বেআইনি সামগ্রী পাচার করার জন্য এসেছিলেন।"এই বিপুল পরিমাণ ডিজেল বাংলাদেশি জাহাজ থেকে আনা হত বলে অভিযোগ। বিক্ষোভকারীরা বাড়ি ঘিরে ফেলার পর তিনি ভয়ে বাড়ির শৌচাগারে লুকিয়ে পড়েন।
বিক্ষোভকারীদের দাবি, "প্রসেনজিৎ গোপন সূত্রে খবর পেয়ে এই সমস্ত বেআইনি সামগ্রী পাচার করার জন্য এসেছিলেন।"এই বিপুল পরিমাণ ডিজেল বাংলাদেশি জাহাজ থেকে আনা হত বলে অভিযোগ। বিক্ষোভকারীরা বাড়ি ঘিরে ফেলার পর তিনি ভয়ে বাড়ির শৌচাগারে লুকিয়ে পড়েন। তাতেও রক্ষা হয়নি। অভিযুক্ত তৃণমূল নেতার দাদা ও অঞ্চল সভাপতি প্রসেনজিতকে গ্রেপ্তার করে পুলিশ। হেফাজতে নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। রবিবারই ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। অবৈধভাবে মজুত ডিজেলের উৎস ও এর সঙ্গে জড়িত চক্রের সন্ধান করার চেষ্টা করছে পুলিশ। ফ্রেজারগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এখন দেখার, তদন্তে আরও কাদের নাম সামনে আসে।
