shono
Advertisement

Breaking News

‘মমতার পাশে আছি’, দলবদলের জল্পনায় জল ঢেলে ফেসবুকে পোস্ট শীলভদ্রর

সুনীল সিংয়ের ঘনিষ্ঠরাও ওড়ালেন দলবদলের জল্পনা৷ The post ‘মমতার পাশে আছি’, দলবদলের জল্পনায় জল ঢেলে ফেসবুকে পোস্ট শীলভদ্রর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:33 AM May 28, 2019Updated: 11:33 AM May 28, 2019

শুভময় মণ্ডল: ভরাডুবির মাঝেই কি তবে দলবদল করতে চলেছেন বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত? সোমবার থেকে রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্নই৷ শোনা যাচ্ছিল, হয়তো মঙ্গলবার দিল্লিতে গেরুয়া শিবিরে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন তিনি৷ কিন্তু সেই জল্পনায় জল ঢাললেন শীলভদ্র স্বয়ং৷ অসুস্থতার জন্য হাসপাতালে ভরতি থাকায় তাঁকে দেখা যাচ্ছে না বলেই সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে সাফ জানিয়ে দিলেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: মলয় ঘটকের বৌদি ও মেয়ের পচাগলা দেহ উদ্ধার, ছড়াল চাঞ্চল্য]

লোকসভা নির্বাচনে গোটা দেশেই গেরুয়া ঝড়৷ এ রাজ্যেও পর্যুদস্ত হয়েছে তৃণমূল৷ ১৮টি আসন নিজেদের ঝুলিতে ভরেছে বিজেপি৷ বারাকপুর লোকসভা কেন্দ্রেও ভরাডুবি হয়েছে ঘাসফুল শিবিরের৷ পদ্ম শিবিরের সৈনিক অর্জুন সিংয়ের কাছে হেরে গিয়েছেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী৷ আবার ভাটপাড়া উপনির্বাচনেও রাজনীতিতে এক্কেবারে আনকোরা অর্জুনপুত্র পবন সিংয়ের কাছে পরাজিত দুঁদে রাজনীতিক মদন মিত্র৷ এই পরিস্থিতিতেই আবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু৷ দলবিরোধী কাজের ফলে ইতিমধ্যেই ৬ বছরের জন্য তাঁকে নির্বাসিত করেছে তৃণমূল৷ রাজনৈতিক অচলাবস্থার মাঝে বাবার পথে হেঁটে শুভ্রাংশুও হয়তো গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বলেই জল্পনা মাথাচাড়া দিয়েছিল৷ সোমবারই দিল্লিতে পৌঁছে গিয়েছেন শুভ্রাংশু৷ শোনা গিয়েছিল, বাবা-ছেলের সঙ্গে দিল্লিতে গিয়েছেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং৷ রাজনীতিকদের অনেকেই বলছিলেন, হয়তো মঙ্গলবারই গেরুয়া শিবিরে নাম লেখাবেন ওই তিনজন৷

[ আরও পড়ুন: ‘যো জাহা মিলে উড়া দো’, প্রকাশ্যে অর্জুন সিংয়ের বিস্ফোরক হুমকি ভিডিও]

শীলভদ্র দত্ত মুকুল রায়ের অনুগামী হিসেবেই পরিচিত। মুকুলের সঙ্গে তিনি দল ছাড়েননি ঠিকই। কিন্তু মুকুলের সঙ্গে শীলভদ্রের সুসম্পর্কে কখনওই ছেদ পড়েনি৷ আর এই সুসম্পর্কই গেরুয়া শিবিরে যোগদানের জল্পনায় ইন্ধন জুগিয়েছে তা বলাই বাহুল্য৷ যদিও ফেসবুক পোস্টেই সেই জল্পনা ওড়ালেন শীলভদ্র দত্ত৷ তিনি লেখেন, ‘‘আমি ৫ দিন হাসপাতালে ভরতি৷ আমি মমতা ব্যানার্জীর দল করি৷ মমতা ব্যানার্জীর সাথে আছি এবং মমতা ব্যানার্জীর সাথেই থাকব৷’’ রাজনীতিকদের একাংশ বিধায়কের দাবি মেনে নিয়েছে৷ তবে এ নিয়ে মতবিরোধও কম নয়৷ অনেকেরই দাবি, শীলভদ্র দত্তের ফেসবুক পোস্টের কোনও সত্যতা নেই৷

এদিকে, আবার সুনীল সিং বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নিকটাত্মীয়। অর্জুন দল ছাড়ার পর থেকেই সুনীলেরও তৃণমূল ছাড়ার সম্ভাবনা মাথাচাড়া দিয়েছিল৷ সুনীল যদিও সেই জল্পনা নস্যাৎ করে জানিয়েছিলেন, তিনি তৃণমূলেই থাকছেন। কিন্তু সুনীলের ছেলে আদিত্য বিজেপিতে যোগদান করেছিলেন। ছেলের মতো তিনিও কি পদ্মশিবিরে নাম লেখাচ্ছেন, ক্রমশই জোরদার হয়েছিল সেই গুঞ্জনও৷ তবে সুনীল সিংয়ের ঘনিষ্ঠরা সেই গুঞ্জনকে আমল দিতে নারাজ৷ তাঁদের দাবি, সুনীল সিং দিল্লিতে যাননি৷ তিনিও কলকাতাতেই রয়েছেন।

The post ‘মমতার পাশে আছি’, দলবদলের জল্পনায় জল ঢেলে ফেসবুকে পোস্ট শীলভদ্রর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement