পলাশ পাত্র: দলীয় সভা থেকে বাড়ি ফেরার পথে খুন তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার গোয়ালচাঁদপুর এলাকায়। মৃতের নাম খোকন শেখ(৩৮)। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম ভুলান শেখ।
[দিঘার সমুদ্রে মৎস্যজীবীদের জালে উঠল মিসাইলের ধ্বংসাবশেষ]
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নাকাশিপাড়ার সলিতে তৃণমূলের আঞ্চলিক সভা ছিল। পেশায় ট্রাক্টর চালক খোকন সেই সভা সেরে রাতে টাকা আদায় করে বাড়ি ফিরছিল। বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাঠের কাছে তখন অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। সাইকেল নিয়ে খোকন আসতেই তাকে দাঁড় করিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। ঘটনাস্থলেই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। রাতেই পুলিশ দেহ উদ্ধার করে। মৃতের মামী খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই ভুলান শেখকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ২০১৫ সালে ভাগ্নের খুনের বদলা নিতে এলাকায় দাগী আসামী বলে পরিচিত ওয়াচার শেখ তার দলবল নিয়ে এই খুনের ঘটনা ঘটিয়েছে। দু’বছর আগে বেআইনি কাজের ভাগ বাঁটোয়ারা নিয়ে মৃতের মামা ইদু শেখের সঙ্গে ওয়াচার শেখের ভাগ্নে আব্বাস শেখের ঝামেলা হয়। এরপরই আব্বাস খুন হয়। এই ঘটনায় ইদু শেখ কয়েকমাস ধরে জেল খাটছে। সেই খুনের প্রতিশোধ নিতেই খোকন শেখকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
[স্ত্রীর চিকিৎসায় সর্বস্বান্ত, শিশুকন্যা-সহ আত্মহত্যার আবেদন স্বামীর]
খুনের ঘটনায় অভিযুক্ত আরও ছয় জন পলাতক বলে জানা গিয়েছে। নাকাশিপাড়া কেন্দ্রের স্থানীয় বিধায়ক কল্লোল খাঁ’র অভিযোগ, খোকন শেখ কয়েক মাস আগে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সিপিএমের লোকজন এই খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট।
[‘ম্যাজিক গ্লাস’-এ চোখ রাখলেই ভাসছে নগ্ন ছবি, তাজ্জব পুলিশ]
The post দলীয় সভা থেকে ফেরার পথে খুন তৃণমূল কর্মী, এলাকায় চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
