shono
Advertisement

Breaking News

সদ্যোজাত কোলে স্বীকৃতির লড়াইয়ে ‘কুমারী মা’

এ সমাজ কি মেনে নেবে? The post সদ্যোজাত কোলে স্বীকৃতির লড়াইয়ে ‘কুমারী মা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:30 PM Dec 07, 2016Updated: 11:00 AM Dec 07, 2016

স্টাফ রিপোর্টার, পুরুলিয়া: অসম প্রেম৷ তাই ছেলের পরিবার মেনে নিতে পারেনি৷ কিন্তু গ্রামবাসীরা এই প্রেমকে স্বীকৃতি দিতে দুই পরিবারের সঙ্গে আলোচনা করে ছেলের পরিবারকে বিয়েতে রাজি করান৷ তারপরেও ছেলের পরিবার বেঁকে বসে বলে অভিযোগ৷ এদিকে, ছেলের প্রেমিকা তাঁর পুত্রসন্তানের জন্ম দিয়ে হাসপাতালে রয়েছেন৷ প্রেমিক কিন্তু হাসপাতালের পথও মাড়ায়নি৷ হাসপাতাল কর্তৃপক্ষও আবার ওই মহিলাকে ছুটি দিয়েছে৷ কিন্তু সামাজিক গঞ্জনার ভয়ে নিজের গ্রামে যেতে পারছেন না৷ ভালবাসার স্বীকৃতি পেতে সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে হাসপাতালে বসেই লড়াই করছেন ‘কুমারী’ মা৷ ঝালদা থানার পুলিশের পাশাপাশি ঝালদা এক নম্বর ব্লকের বিডিওর দ্বারস্থ হয়েছেন তিনি৷

Advertisement

পুরুলিয়ার ঝালদা এক নম্বর ব্লকের মাহাতোমারা গ্রামের বাসিন্দা ঊনিশ বছরের মহিলার ঠিকানা এখন ঝালদা এক নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র৷ বেশ কিছুদিন আগে থেকে এই মহিলার সঙ্গে এলাকার বাসিন্দা জয়প্রকাশ মাঝির সম্পর্ক৷ সেই সম্পর্ক থেকে কাছে আসা৷ ভালবাসা৷ ঘনিষ্ঠতা৷ কিন্তু জয়প্রকাশ মাঝির পরিবারের সঙ্গে ওই মহিলার পরিবারের অর্থ-সহ সব কিছুতেই ফারাক রয়েছে৷ সেই ফারাকই দূরত্ব গড়ে দিল৷ এই প্রেমকে মেনে নিল না ছেলের পরিবার৷ গ্রামবাসীরা বৈঠক করে ছেলের পরিবারকে রাজি করালেও শেষমেশ কোনও কাজ হল না৷ ইতিমধ্যে গত ২ ডিসেম্বর ওই মহিলা পুত্রসন্তানের জন্ম দেন ঝালদা এক নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে৷ মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছুটি দিয়ে দেয়৷

কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দিলে হবে কী? ওই মহিলাকে যে তাঁর প্রেমিক মেনে নিতে পারছেন না৷ সামাজিক গঞ্জনার ভয়ে তিনি তাঁর বাপের বাড়িতেও যেতে পারছেন না৷ অসহায় অবস্থায় হাসপাতালেই দিন কাটছে তাঁর৷ পাশে শুধু রয়েছেন তাঁর মা৷ হাসপাতালে বসেই প্রেমের স্বীকৃতি পেতে লড়ে যাচ্ছেন ১৯ বছরের যুবতী৷ তাঁর কথায়, “যতদিন না আমাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিচ্ছে আমি লড়াই চালিয়ে যাব৷ আমার আশা একদিন সফল হবই৷”

মহিলার পাশে দাঁড়িয়েছেন এলাকার বিজেপি নেতারা৷ তাঁদের হস্তক্ষেপেই এদিন বিকেলে ঝালদা এক নম্বর ব্লকের বিডিও পূর্ণদেব মালাকারের কাছে যান ওই মহিলা৷ ঝালদা এক নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি শংকর মাহাতো বলেন, “আমরা ওই মহিলাকে বিডিওর কাছে নিয়ে যাই৷ বিডিও বলেছেন, মহিলাকে বাপের বাড়ি যেতে৷” তবে গঞ্জনার আতঙ্ক কাটছে না ‘কুমারী’ মায়ের৷ ঝালদা এক নম্বর ব্লকের বিডিও পূর্ণদেব মালাকার বলেন, “পুলিশকে বলেছি, আইনানুগ ব্যবস্থা নিতে৷ ওই মহিলা যাতে কোনওরকম সমস্যা ছাড়াই বাপের বাড়িতে আপাতত থাকতে পারেন, সেটাও দেখতে বলা হয়েছে৷” দেখার প্রশাসনের এই উদ্যোগের পর মহিলা স্বীকৃতি পান কি না?

The post সদ্যোজাত কোলে স্বীকৃতির লড়াইয়ে ‘কুমারী মা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement