সপ্তাহান্তেও প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা। শুক্রবারের পর শনিবারও বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। ঝড়বৃষ্টির ফলে কমল তাপমাত্রাও।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় শনিবার আরও এক দফায় ঝড়বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি। ঝড়বৃষ্টিতে রাতের তাপমাত্রা ৫ ডিগ্রিরও বেশি নেমে গিয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪০ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে ১০.৪ মিলিমিটার। এদিকে, কলকাতা ছাড়া হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়াতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনাতেও। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা।
রবি এবং সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে।
উত্তরবঙ্গেও শনিবার বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শিলাবৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবি ও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার ফের উত্তরবঙ্গের ওই পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
