দক্ষিণের পাঁচ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণে সোমবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বাড়বে তাপমাত্রা। অন্যদিকে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদল। বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝড়ের পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি।
এ দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে গরম ও অস্বস্তি হতে পারে। রবিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা। তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে রবিবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা। বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
