shono
Advertisement

Breaking News

Weather Update

ফাগুনেও শীতল আমেজ বঙ্গে, উত্তর ও দক্ষিণে উষ্ণতা কত? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

এখনও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে, কুয়াশার সম্ভাবনা। আর কী জানাচ্ছেন আবহাওয়া দপ্তর?
Published By: Sucheta SenguptaPosted: 10:27 AM Feb 17, 2026Updated: 10:37 AM Feb 17, 2026

ক্যালেন্ডার বলছে, শীত বিদায় নিয়ে বসন্ত ঋতুর আগমন ঘটে গিয়েছে। শুষ্কতা সরিয়ে সজীব হওয়ার পালা। কিন্তু বঙ্গের সামগ্রিক আবহাওয়ায় আর তেমনটা হচ্ছে কই? দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনও লেপ, কম্বল তোলা হয়নি। কারণ, রাতে আর ভোরে এখনও শীতের স্পর্শ। হাওয়ায় শিরশিরানি। উত্তরবঙ্গে কুয়াশার দাপট। এখনও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য নিচে। এখনও দু-একদিন এমন মনোরম আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ চড়তে পারে।

Advertisement

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তার অবস্থান হবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম আফগানিস্তানেও। যদিও এর কোনওটারই সরাসরি প্রভাব নেই বঙ্গে। ফলে এখনই তাপমাত্রায় বড়সড় বদল হচ্ছে না। সকালে ও রাতে শীতের হালকা আমেজ। দিনের বেলায় তা প্রায় উধাও।

দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। শীতের আমেজ ধীরে ধীরে কমছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। বিভিন্ন জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি কম। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে। সপ্তাহের শেষ দিকে দু, তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। সপ্তাহান্তে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ওঠানামা করতে পারে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিকে, উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী দু'দিন হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে আগামী দু, তিনদিন। উত্তরবঙ্গেও সামান্য বাড়বে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়। তবে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সামান্য। দিন ও রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আজ, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮২ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement