সামনেই প্রথম দফার নির্বাচন। আগামী ২৩ এপ্রিল ভোট হবে উত্তরবঙ্গ-সহ রাজ্যের ১৫২টি আসনে। যা নিয়ে ক্রমশ চড়ছে পারদ। এরমধ্যেই নতুন করে উত্তেজনা বাগদায়। বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের কনভয়ে হামলা! অভিযোগ, একটি বাইক পিছন থেকে এসে সজোরে তাঁর গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় সোমা ঠাকুর আহত না হলেও গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ, অভিযুক্ত ওই বাইক আরোহীর পরণে তৃণমূলের গেঞ্জি ছিল। ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। যদিও ঘটনার সঙ্গে কোনও যোগ নেই বলেই পালটা দাবি তৃণমূলের। এদিকে কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, আজ, মঙ্গলবার সকালে সুন্দরপুরের আরামডাঙ্গা এলাকায় জনসংযোগে যাচ্ছিলেন সোমা ঠাকুর। অভিযোগ, সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি বাইক তাঁর কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনার অভিঘাত এতটা ছিল, গাড়িটির পিছনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। ভেঙে যায় কাঁচ। ঘটনার পরেই বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছিল এবং গায়ে তৃণমূলের গেঞ্জি পরে ইচ্ছাকৃতভাবে এই হামলা চালায়।
ঘটনায় রীতিমতো আতঙ্কিত সোমা ঠাকুর। তাঁর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থাকা গাড়িতে এই হামলা চালানো হয়েছে। এমনকী তাঁকে লক্ষ্য করেই এই হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেত্রীর। পুরো ঘটনার পিছনে শাসকদল তৃণমূল আছে বলেও দাবি। যদিও এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল।
তৃণমূল নেতা ইনায়ক মণ্ডল বলেন, ''তৃণমূল এই ধরনের কোনও কাজ করতেই পারে না। প্রচারের আলোয় আসতেই এই অভিযোগ করা হচ্ছে।'' অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি ওই তৃণমূল নেতার। এদিকে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী অভিযুক্ত বাইক আরোহীকেও আটক করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবক ঝাড়খন্ডের বাসিন্দা। স্থানীয় একটি ইটভাটায় কাজ করে।
