কাটল দুর্যোগের মেঘ। ভারী বৃষ্টি থেকে সাময়িক রেহাই দক্ষিণবঙ্গের। সোমবার সকাল থেকে রাজ্যজুড়ে দেখা গিয়েছে রোদের ঝিলিক। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও কমবে বৃষ্টি।
আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই নেই বঙ্গবাসীর। বৃষ্টি কমলেই বাড়তে পারে তাপমাত্রাও।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নতুন করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টি।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। সোমবার বিকেল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই নেই বঙ্গবাসীর। বৃষ্টি কমলে বাড়তে পারে তাপমাত্রাও।
