shono
Advertisement

Breaking News

Nanoor

বিজেপি নেতার বাড়ির পাঁচিলে সাদা থান, গাঁদার মালা, হুমকি চিঠিতে লেখা, 'সাবধান হয়ে যা, নইলে...!'

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে একই গ্রামের বাসিন্দা বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও সাদা থান কাপড়-সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রাখা হয়েছিল।
Published By: Jaba SenPosted: 06:42 PM Aug 12, 2026Updated: 06:42 PM Aug 12, 2026

রাজ্যে পালাবদলের পরেও বিজেপি নেতাদের বাড়িতে সাদা থান রেখে যাওয়ার ঘটনা বন্ধ হচ্ছে না। বীরভূমের নানুরের থুপসারা অঞ্চলের কুড়গ্রামে বিজেপি নেতা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির পাঁচিলে বুধবার সকালে একটি সাদা থান, গাঁদার মালা ও হুমকি চিঠি পাওয়া যায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চিঠিতে লেখা ছিল, 'তোর একমাত্র ছেলেটাকে হারানোর ভয় রয়েছে, সাবধান হয়ে যা।' গোরাচাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে একই গ্রামের বাসিন্দা বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির সামনেও সাদা থান কাপড়-সহ অন্ত্যেষ্টিক্রিয়ার সামগ্রী রাখা হয়েছিল। এবার একইভাবে তাঁর কাকা গোরাচাঁদ মণ্ডলের বাড়ির সামনে ওই সামগ্রী রাখার অভিযোগ উঠেছে। গোরাচাঁদ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কিষাণ মোর্চার সম্পাদক। এদিন সকালে বাড়ির বাইরে বেরিয়ে পাঁচিলের উপর সাদা থান, ফুলের মালা ও একটি চিঠি দেখতে পান গোরাচাঁদ। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। বিজেপির দাবি, কেউ বা কারা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য এমন কাজ করেছে।

হুমকি চিঠিতে বলা হয়েছে, "তুই খুব মিছিল মিছিল করছিস। তোর সঙ্গীসাথীদের মধ্যে একজনের বাবা গেছে, আর একজন নেতা সাজছে। তোর একমাত্র ছেলেটাকে হারানোর ভয় রয়েছে, সাবধান হয়ে যা। কথাগুলো হালকাভাবে নিস না, মনে রাখিস। একবার হুমকি দিলেই তোর সঙ্গীসাথীরা কথা বলা বন্ধ করে দেবে। নেতার সঙ্গে আমাদের লোক ঢুকে আছে। এটা তোকে জানিয়ে দিলাম। তুই যা পারিস করে নিস। আমি যা পারব করে নেব।"

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ওই গ্রামের বিজেপি নেতা তথা বিজেপির নানুর ৩ নম্বর মণ্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়িতে কেউ বা কারা একইভাবে সাদা থান ও ফুল মিষ্টি রেখে গিয়েছিল। সেবারও অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার তার কাকার বাড়িতে পড়ল সাদা থান। রাজ্যে পালাবদলের পর নানুরের ওই একই গ্রামে আর এক বিজেপি নেতার বাড়িতে থান পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement