shono
Advertisement

Breaking News

Rishika Singh on Yash

'নারীদের অসম্মান! কর্নাটক ছাড়তে বাধ্য করব', 'টক্সিক' যশকে হুঁশিয়ারি নায়িকার

Toxic: 'টক্সিক' সিনেমায় নারীদের কুরুচিকর উপস্থাপনে ফুঁসছে কন্নড় বলয়! যশকে কর্নাটক ছাড়া করার হুঁশিয়ারি।
Published By: Sandipta BhanjaPosted: 02:01 PM Aug 13, 2026Updated: 02:47 PM Aug 13, 2026

বছরের গোড়াতেই 'টক্সিক' টিজারে উদ্দাম যৌনতা দেখিয়ে আইনি বিপাকে পড়েন দক্ষিণী সুপারস্টার যশ। পবিত্র গোরস্থানের অন্দরে রতিসুখ, যৌনতায় ভরপুর ঝলকের জেরে কন্নড় সংস্কৃতিকে অপমানের অভিযোগও উঠেছিল 'কেজিএফ' স্টারের বিরুদ্ধে। এমনকী কোনওরকম সতর্কীকরণ ছাড়াই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যেভাবে খুল্লমখুল্লা 'টক্সিক' (Toxic) চর্চা হয়েছে, তাতে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছিল কর্নাটকের মহিলা কমিশন। তবু থামতে নারাজ 'টক্সিক' নির্মাতারা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'টক্সিক'-এর নতুন ট্রেলারে সিনেমার নারীচরিত্রদের যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা সংশ্লিষ্ট বিতর্কযজ্ঞে আরও ঘৃতাহূতি করেছে বললেও অত্যুক্তি হয় না। কর্নাটকেও নিন্দার ঝড়। এবার 'টক্সিক' যশকে (Yash) কর্নাটক থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী ঋষিকা সিং।

Advertisement

"ছবির ট্রেলারে রোম্যান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে আমি অত্যন্ত হতাশ। কারও স্বামী ও বাবা হিসেবে তাঁর কাছ থেকে নারীদের প্রতি আরও..."

ঋষিকা (Rishika Singh) কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অতিপরিচিত মুখ। 'কাল্লা মাল্লা সুল্লা', 'বেঙ্কি বিরুগালি', 'কণ্ঠীরাভা'র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন। সেই নায়িকাই এবার যশের 'টক্সিক' সিনেমায় নারীদের কুরুচিকর উপস্থাপনে ফুঁসে উঠলেন। ঋষিকার মন্তব্য, "ছবির ট্রেলারে রোম্যান্টিক ও ঘনিষ্ঠ দৃশ্যগুলো দেখে আমি অত্যন্ত হতাশ। একজন স্বামী ও বাবা হিসেবে তাঁর কাছ থেকে নারীদের প্রতি আরও বেশি সম্মান আশা করেছিলাম।" নায়িকা প্রশ্ন তুলেছেন, এগুলো কী ধরনের দৃশ্য? 'টক্সিক' ট্রেলারে দেখানো দৃশ্যগুলি যে মোটেই সমর্থনযোগ্য নয়, সেকথাও তিনি বলেন। ওই ভিডিও বার্তাতেই কন্নড় সুপারস্টার যশের উদ্দেশে তোপ দেগেছেন তিনি। ঋষিকার হুঁশিয়ারি, "নারীদের সম্মান করতে না পারলে আমরা আপনাকে কর্নাটক ছাড়তে বাধ্য করব।" এহেন ভিডিও ভাইরাল হতেই পালটা প্রশ্নের মুখে পড়েছেন অভিনেত্রী। সোশালপাড়া ঘেঁটে ঋষিকার অতীত খোলামেলা ফটোশুটের ছবি-ভিডিও বের করেছেন যশ অনুরাগীরা। তাদের প্রশ্ন, 'প্রাপ্তবয়স্ক অভিনেত্রীদের সম্মতি নিয়ে তৈরি ছবির এহেন কাল্পনিক দৃশ্যে আপনার এত কেন আপত্তি?'

'টক্সিক' সিনেমায় নারীদের কুরুচিকর উপস্থাপনে ফুঁসছে কন্নড় বলয়!

গত জুলাই মাসে 'টক্সিক'-এর নতুন প্রোমোতেও বিতর্কের ঝড় ওঠে। যেখানে 'লেডিজ অ্যান্ড লেডিজ' শিরোনামে সিনেমার নারীচরিত্রদের 'মহিমা' তুলে ধরা হয়েছিল। সেখানে নয়নতারা, কিয়ারা আডবানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি, 'টক্সিক'-এর পাঁচ নায়িককেই দেখা গিয়েছিল। তবে সবথেকে বেশি চর্চিত হয় কিয়ারা ও তারার সঙ্গে যশের বোল্ড দৃশ্যগুলি। মালোচকদের মত, এখানে নারীদের শুধুই ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে। আর তাঁদের দিয়ে এমন সব সংলাপ বলানো হয়েছে, যেন গোটা বিশ্বে যশই একমাত্র পুরুষ, যাঁর সঙ্গ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন নায়িকারা! আবার একাংশের বিদ্রুপবাণ, ‘টিজারের নাম ‘লেডিজ অ্যান্ড লেডিজ’, অথচ সব অভিনেত্রীর উপস্থিতি এতটাই ক্ষণস্থায়ী যে চোখের পলকেই হারিয়ে যায়!’ কেউ বা পুরুষদের পালঙ্ক কাঁপানো ঠুনকো দম্ভের খোঁজ পান ‘টক্সিক’-এর নয়া ঝলকে। এবার ট্রেলারেও নারীদের উপস্থাপন নিয়ে কটাক্ষ, সমালোচনার ঝড়!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement