নিট কেলেঙ্কারি ইস্যুতে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের আঁচ আছড়ে পড়েছে দেশের বিভিন্নপ্রান্তে। বাদ নেই খাস কলকাতাও। সোনম ওয়াংচুকের নেতৃাত্বধীনে আন্দোলনে সামিল হয়েছে ছাত্রসমাজ। শনিবার দুপুরে কেন্দ্রের সঙ্গে 'ককরোচ'-এর তৃতীয় দফা বৈঠকের দিকে তাকিয়ে গোটা দেশ। তার আগে 'আরশোলা' নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার প্রস্তাব একেবারেই অপরিবর্তনীয়। এর মাঝেই 'ককরোচ জনতা পার্টি' তথা 'সিজেপি'র আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরীর।
অভিযোগ, মোটা অর্থের বিনিময়ে আন্দোলনে অংশ নেওয়া ও সমাজমাধ্যমে উসকানিমূলক পোস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাঙ্ক্ষা। সেখানেই 'সিজেপি'র আন্দোলন নিয়ে বোমা ফাটান অভিনেত্রী। তিনি কেন 'আরশোলা'দের বিক্ষোভ বা ছাত্রআন্দোলন নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করছেন না। সপাট জবাব, এধরনের আন্দোলন বর্তমানে 'মার্কেটিং গিমিক'-এ পরিণত হয়েছে।
আকাঙ্ক্ষার দাবি, তাঁর মতোই বহু কনটেন্ট ক্রিয়েটরের কাছে 'আরশোলা'দের তরফে এমন প্রস্তাব এসেছে। এই মর্মে অভিনেত্রীর সংযোজন, "কোথাও না কোথাও একটা চাপ থাকে। আমাকে, আমার বন্ধুদের, যাঁরা কনটেন্ট ক্রিয়েটর তাঁদের কাছে এমন বার্তা পৌঁছেছে। কেউ কেউ তো আবার আমাদের বিমানের টিকিট পাঠানোর কথাও বলেছিলেন। অর্থের প্রস্তাব বিষয়টাই আমাদের পছন্দ হয়নি। তাই আমরা দূরে থাকছি। না হলে মনে হবে আমরা সেই মার্কেটিংয়েরই অংশীদার। অনেকেই হয়তো জানেন না, কিন্তু প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রেই এমনটা হচ্ছে।"
আকাঙ্ক্ষা আরও বলেন, "মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। বাজেট অফার করছে। পোস্ট পিছু যে অর্থের টোপ দেওয়া হচ্ছে র্যালিতে এলে টাকার অঙ্কের পরিমান অনেকটাই বেড়ে যাবে। আমার ম্যানেজারের কাছে তো বিমানের টিকিটের সঙ্গে থাকার বন্দোবস্তও রয়েছে, এমন লোভনীয় প্রস্তাবও এসেছে। তবে আমি এসব কিছু চাই না। ছাত্রআন্দোলন অবশ্যই সমর্থন করতে চাই, তবে সেটা নিঃস্বার্থভাবে। শর্তসাপেক্ষ উপার্জনের ভিত্তিতে নয়। সম্ভবত সেই কারণেই অনেক সেলিব্রিটি অন্তরালে রয়েছেন।" তবে নেটবুবনের একাংশের দাবি, লাইমলাইটে থাকতে 'ককরোচ'দের বিরুদ্ধে এমন 'আলটপকা' মন্তব্য করছেন আকাঙ্ক্ষা।
