shono
Advertisement
Alka Yagnik

শ্রবণশক্তি হারাচ্ছেন, চলাফেরাও কঠিন! পদ্ম সম্মানের মঞ্চে অলকা ইয়াগনিককে দেখে মনখারাপ অনুরাগীদের

আলোকবৃত্ত থেকে দূরে সরে রয়েছেন দু'বছর! জনপ্রিয় গায়িকা শেয়ার করলেন তাঁর সাম্প্রতিক 'লড়াই'-এর কথা।
Published By: Biswadip DeyPosted: 10:45 AM Jun 24, 2026Updated: 10:53 AM Jun 24, 2026

তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। 'অ্যায় মেরে হামসফর' থেকে 'অগর তুম সাথ হো' বলিউডের স্বনামধন্য গায়িকা অলকা ইয়াগনিক বলিউডকে মাতিয়েছেন দশকের পর দশক ধরে। কিন্তু জীবন আজ তাঁকে পৌঁছে দিয়েছে এক অন্য গন্তব্যে। যেখানে শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হচ্ছে প্রবল ভাবে। জনজীবন থেকে প্রায় বছর দুয়েক দূরে সরে থাকার পর অবশেষে বর্ষীয়ান গায়িকাকে দেখা গেল পদ্ম সম্মানের মঞ্চে। ভাইরাল হওয়া ভিডিওয় অলকাকে দেখে মনখারাপ অনুরাগীদের।

Advertisement

২০২৪ সাল থেকে অলকা গানের জগৎ থেকে বিচ্ছিন্ন। আসলে শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত শিল্পী। যার নাম সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস। গান গাওয়া থেকেও তাই দূরে থাকতে হচ্ছে। তাঁর কণ্ঠস্বর শেষবারের মতো শোনা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সিং চমকিলার ‘নরম কালজা’তে। এরপরই তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানেই সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস-এর কথা বলেছিলেন শিল্পী।

৬০ বছরের অলকাকে মঙ্গলবাসরীয় সন্ধ্যায় দেখা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে। মঞ্চের দিকে যাওয়ার আগে তিনি প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরপর এগিয়ে যান রাষ্ট্রপতির দিকে। পুরো সময়টাই তাঁকে ধরে রেখেছিলেন এক মহিলা। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই বিষণ্ণ অনুরাগীরা।

পরে একটি পোস্টে নিজের কঠিন সংগ্রামের কথা জানিয়েছেন অলকা। আপাতত কিছুটা সুস্থ হয়ে উঠলেও শারীরিক সমস্যা এখনও রয়েছে। তিনি লিখেছেন, 'গত দু'বছর ধরে আমি প্রচারের আলো ও জনসমক্ষের দূরবর্তী ছিলাম। আমার জীবনের এই যাত্রাপথের কথা খুব একটা প্রকাশ্যে আনিনি। আপনারা অনেকেই জানেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই পুরো সময়টাতে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অটুট সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিল।' পদ্ম সম্মান গ্রহণের এই মুহূর্তটি তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ কেন অলকা। তিনি জানিয়েছেন, 'আজ আমি কেবল একটি পুরস্কারই গ্রহণ করিনি। বরং অনুভব করেছি সেই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, যাঁরা আমার এই যাত্রাপথের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement