রামভূমি অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় সরগরম রাজনৈতিকমহল। সংশ্লিষ্ট ইস্যুতে গেরুয়া শিবিরকে তোপ দেগেছে কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি। শুধু তাই নয় সনাতন ধর্মের প্রতি দায়বদ্ধতা-বিশ্বাস নিয়েও প্রশ্ন ছুড়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে ঘৃতাহুতি বিজেপি সমর্থক ও সনাতন ধর্মে বিশ্বাসী অভিনেতা অনুপম খেরের বাক্যবাণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা উচিত। তবে দোষীদের শাস্তির দাবি করেন। এই ঘটনায় সনাতন ধর্ম ও রামজিকে কাঠগড়ায় না তোলার আর্জিও জানান বর্ষীয়ান অভিনেতা। অনুপমের এই মন্তব্যে নেটভুবনে সমালোচনার ঝড়।
রাম মন্দিরের অনুদান চুরির ঘটনাকে মুঘল আমলের অত্যাচারের তুলনায় 'ছোটখাটো' বলতেই ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ। প্রত্যুত্তরে কী বললেন 'দ্য বেঙ্গল ফাইলস' খ্যাত অভিনেতা? ভিডিওবার্তায় স্পষ্ট জানিয়ে দিলেন, সকলকে খুশি করতে তিনি মোটেই দায়বদ্ধ নন। এমনকী সেই চেষ্টাও কখনও করেন না। তবে এই ভিডিওর নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। অনুপম যখন সমালোচনার কাঁটায় বিদ্ধ তখন তাঁকে বিঁধেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
এক্স হ্যান্ডেলে নাম না করে অনুপমকে খোঁচা মেরে লেখেন, ' এ এক অদ্ভুত যুক্তি। চোরকে কিছু বলা যাবে না কিন্তু যারা চুরি ধরেছে তাদেরই উপদেশ দেওয়া হবে। চোরদের প্রতি এমন সহানুভূতির নেপথ্যে নিশ্চয়ই কোনও বিশেষ কারণ বা রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে।' অতঃপর অনুপমও একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট করে নিজের বক্তব্য জাহির করেন। এরপর আরও কারও বুঝতে অসুবিধা হয়নি অনুপম-অখিলেশ দ্বন্দ্ব একেবারে জমে ক্ষীর।
যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমি কীভাবে যে কোনও বিষয়ে এত নির্ভয়ে কথা বলি। জনপ্রিয়তা হারানোর ভয় নেই? আমার একটাই উত্তর, আমি সবাইকে খুশি করার চেষ্টা করি না। আমার জীবনদর্শন, প্রথমে নিজের কাছে প্রিয় মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন।" তাঁর মতে, একজন মানুষ যখন অন্যের মন জুগিয়ে চলতে চান, অপরকে খুশি করার চেষ্টা করেন তখন ধীরে ধীরে নিজের প্রকৃত সত্ত্বাকেই হারিয়ে ফেলেন।
সবাইকে সন্তুষ্ট রাখা জীবনের সবচেয়ে কঠিন কাজ বলে মনে করেন। পৃথিবীতে এমন কেউ নেই যাকে সকলে পছন্দ করেন। বরং, যখন কেউ সবার প্রিয় হওয়ার চেষ্টা করে তখন মানুষ তাঁকে নিজেদের সুবিধামতো ব্যবহার করতে শুরু করে। নিজের অবস্থান স্পষ্ট করে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বলেন, "একজন মানুষের ইমেজ এমন হওয়া উচিত আয়নায় তাকালে নিজের ভালো মানুষের প্রতিচ্ছবি ফুটে ওঠে। যদি তা মনে না হয় তবে পরিবর্তন আনতে হবে। অপরকে খুশি করার জন্য নয়, নিজের উন্নতির জন্য। আমি বা অন্য কেউই গোটা পৃথিবীকে খুশি রাখার দায়িত্ব নিতে আসিনি।"
