২৭ জানুয়ারি, ২০২৬, প্লেব্যাক থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং (Arijit Singh)। সেই পোস্টে মন ভেঙেছিল আবালবৃদ্ধবনিতার। অরিজিতের সুরের মূর্চ্ছনায় মোহিত কাশ্মীর টু কন্যাকুমারী। তাই গায়কের অবসর ঘোষণায় কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙেছিল। তবে ছ'মাসের মধ্যেই ফের চেনা ছন্দে সুরের জাদুকর অরিজিৎ সিং। সঙ্গতীপ্রেমী ও অরিজিতের অনুরাগীদের জন্য এবার দারুণ চমক।
নতুন কোনও প্লেব্যাকে আর কখনও কণ্ঠ দেবেন না, অরিজিতের এই সিদ্ধান্তে থমকে গিয়েছিল ভারতীয় সঙ্গীতমহল। তবে লেটেস্ট রিপোর্ট মোতাবেক, ফের অরিজিতের কণ্ঠে ফিরছে প্লেব্যাক ম্যাজিক। সুরেলা সফরে নতুন করে আরও প্রাণ সঞ্চার হল তা বললে অত্যুক্তি হবে না। 'পণ ভঙ্গ' করার পর ২১ জুলাই মুক্তির অপেক্ষায় অরিজিৎ সিংয়ের প্রথম প্লেব্যাক।
ইমরান হাশমি অভিনীত কালজয়ী ছবি 'আওয়ারাপন'-এর সিক্যুয়েল 'আওয়ারাপন ২'-এর গান রেকর্ড করেছেন। 'ইয়ে আওয়ারাপন' শিরোনামের বহুল প্রতিক্ষীত এই গান শুনতে অধীর আগ্রহে অপেক্ষারত আপামর সঙ্গীতপ্রেমী, বিশেষ করে অরিজিতের অনুগামীরা। এই ছবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলিউড সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'ইয়ে আওয়ারাপন'-এ শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠের জাদু।
প্লেব্যাকে অরিজিৎ সিং
কেন্দ্রীয় চরিত্র 'শিবম পন্ডিত'-এর মানসিক ও আবেগঘন দিকটি মাথায় রেখেই এই গানটি তৈরি করা হয়েছে। অরিজিতের কণ্ঠের আবেগ যে সবকিছু ছাপিয়ে যায় সে কথা বলার অবকাশই রাখে না। উল্লেখ্য, বিশেষ ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে 'আওয়ারাপন ২'। এই প্রযোজনা সংস্থার সঙ্গে অরিজিতের সম্পর্ক দীর্ঘ পনেরো বছরের। ২০১১-এ 'মার্ডার ২'-এর 'ফির মহব্বত' বিশেষ ফিল্মসের ছত্রছায়ায় অরিজিতের প্রথম গান।
অরিজিৎ সিংয়ের কণ্ঠে 'ইয়ে আওয়ারাপন'
এরপর 'সিটিলাইটস'-এর 'মুসকুরানে', 'খামোশিয়া'’র টাইটেল ট্র্যাক, 'হামারি আধুরি কাহানি' এবং 'জলেবি' র 'পল'-এর মতো একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছে এই জুটি। 'আওয়ারাপন ২'-এ ইমরান হাশমির সঙ্গে রয়েছেন বলিউডের 'বম্বসেল' দিশা পাটানি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমিসহ আরও অনেকে। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'আওয়ারাপন ২'।
