shono
Advertisement

Breaking News

Asha Bhosle Funeral

'অমর রহে' ধ্বনিতে পঞ্চভূতে বিলীন আশা ভোঁসলে, পরিবারের পাশে ভিকি-আমিররা

কিংবদন্তী শিল্পীর শেষকৃত্যে মোতায়েন হাজারেরও বেশি পুলিশ।
Published By: Sandipta BhanjaPosted: 06:05 PM Apr 13, 2026Updated: 06:22 PM Apr 13, 2026

অস্তগামী সূর্য। মুম্বইয়ের শিবাজি পার্কে চিরশান্তিতে শায়িত আশা ভোঁসলে (Asha Bhosle Funeral)। পরিবার-পরিজন, সেলেবপাড়ার স্বজন, হাজার হাজার গুণমুগ্ধ অনুরাগীরা চোখে জল নিয়ে কিংবদন্তি শিল্পীর নিথর দেহের দিকে চেয়ে। বিকেল চারটে নাগাদ কড়া নিরাপত্তায় মুড়ে শুরু হয় আশার শেষকৃত্যের অনুষ্ঠান। সোমবার সকাল থেকেই তৎপর ছিল মুম্বইয়ের পুলিশ প্রশাসন। সূত্রের খবর, শেষযাত্রার জমায়েতের জেরে যাতে স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত না হয় এবং আইনশৃঙ্খলা বজায় থাকে, তার জন্যে গায়িকার লোয়ার প্যারেলের বাসভবন থেকে দাদরের শিবাজি পার্ক পর্যন্ত কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আধিকারিক-সহ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন রয়েছে শেষকৃত্যে।

Advertisement

জানা গিয়েছে, বিপুল জনসমাগমের জন্য যান চলাচলের গতিপথ পরিবর্তন করার পাশাপাশি বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে মুম্বই ট্রাফিক পুলিশের তরফে। শিবাজী পার্ক সংলগ্ন ভাগোজি বালুজি কীর হিন্দু শ্মশানে তাঁর সৎকার সম্পন্ন হল। শেষকৃত্যে যোগ দিয়েছেন রণবীর সিং, ভিকি কৌশল, আমির খান, বিবেক ওবেরয়, পুনম ধিলোঁ-সহ আরও অনেকে। প্রয়াত গায়িকার নাতনির সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন আমির, ভিকিরা। দুই বলিউড তারকার সেই আবেগপ্রবণ মুহূর্তও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। একুশ তোপের সঙ্গে 'আশাজি অমর রহে' ধ্বনিতেই কিংবদন্তিকে চোখের জলে শেষবিদায় জানালেন অনুরাগীরা। আশার শেষযাত্রায় দেবেন্দ্র ফড়ণবিসের মুখোমুখি হন রাজ ঠাকরে। দুই রাজনীতিক বেশ কিছুক্ষণ কথাও বলেন। উপস্থিত ছিলেন একনাথ শিণ্ডেও। বিকেল পৌনে ছ'টা নাগাদ পুত্র আনন্দ ভোঁসলে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন।

শনিবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন আশা ভোঁসলে। খবর প্রকাশ্যে আসতেই শিল্পীর আরোগ্য কামনায় রত হন তারকামহল থেকে অনুরাগীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিংবদন্তী শিল্পীর জন্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে শেষ রক্ষা আর হয়নি! রবিবাসরীয় দুপুরে চিরঘুমের দেশে পাড়ি দেন আশা ভোঁসলে। সোমবার বিকেলে শেষকৃত্যের জন্য শিবাজী পার্কে ইতিমধ্যেই একে একে আসতে শুরু করেছেন সিনেদুনিয়া, সঙ্গীতজগতের ব্যক্তিত্বরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement