সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'এবার রক্তগঙ্গা বইবে...', ফার্স্ট লুকেই গর্জন ছেড়েছিলেন টাইগার শ্রফ! এবার 'বাগি ৪'-এর টিজারে যেন সেকথাই প্রমাণ করলেন অভিনেতা। বাগির চতুর্থ ফ্র্যাঞ্চাইজির পয়লা ঝলকে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাঁকে। হাতে দৈত্যকার 'বুচার নাইফ'। আরেক হাতে মদের বোতল। ঠোঁটে ধরা কখনও লোহার রড আবার কখনও বা সিগারেট। কোনও দিকে ভ্রুক্ষেপ নেই। ধারালো অস্ত্রের কোপে একের পর এক শত্রুকে ধরাশায়ী করে চলেছেন। চারদিকে রক্তের বন্যা। ফিনকি দিয়ে বেরনো শত্রুর রক্তে যেন স্নান করে এসেছেন টাইগার। 'বাগি ৪'-এর পয়লা টিজারেই যেহেন ভয়ংকর হিংস্রতার ঝলক দেখালেন অভিনেতা। তাতেই বলিউড, নেটভুবনজুড়ে প্রশ্ন, 'এই ছবি কি অ্যানিম্যালকেও হার মানাবে?'
সোমবার মুক্তি পেল 'বাগি ৪'-এর টিজার। যেখানে টাইগার শ্রফের পাশাপাশি সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া থেকে হরনাজ সাধু প্রত্যেকেই নজর কাড়লেন রক্তাক্ত চেহারায়। ভক্তদের উল্লাস, 'রনি (টাইগার) এবার আরও ভয়ঙ্কর খেলায় মেতেছে।'এযাবৎকাল বলিউডে অ্যাকশন হিরোর নাম উঠলেই অক্ষয় কুমার, বিদ্যুৎ জামওয়াল কিংবা জন আব্রাহামদের পাশাপাশি শাহরুখ-সলমনের নাম শোনা যেত। তবে 'বাগি ৪'-এর দৌলতে যে সেই তালিকার শীর্ষে নাম লেকাতে চলেছেন টাইগার, তা বলাই বাহুল্য। তেইশ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-এ রক্তারক্তি, অ্যাকশন দেখে অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল। অযাচিতভাবে মারপিটের দৃশ্য রাখার পাশাপাশি হিংস্রতার প্রচার করার অভিযোগও উঠেছিল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার উপর। তবে বাগির চতুর্থ ফ্র্যাঞ্চাইজির টিজার দেখে সিনেদর্শকদের মত, 'এই ছবি তো অ্যাকশন, রক্তারক্তি, হিংস্রতার নীরিখে অ্যানিম্যালকেও ছাপিয়ে যাবে।' একাংশ আবার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সে 'অ্যানিম্যাল'-এর সঙ্গে সাযুজ্য খুঁজে পেল। এককথায়, সোমবার নেটভুবনজুড়ে শুধুই চর্চিত 'বাগি ৪'। সেটা রক্তগঙ্গা বইয়ে দেওয়ার জন্য হোক কিংবা টাইগারের 'হিংস্র' অবতারের জন্য হোক।
টিজার দেখে আবার অনেকে রণবীর কাপুরের সঙ্গে টাইগার শ্রফের তুলনা টেনেছেন। কারও মতে আবার, 'প্রচেষ্টা ভালোই, তবে রণবীরই আসল গুরু! ওঁকে টপকানো দায়।' ‘হিরোপন্তি’ স্টার বলিউডের বক্স অফিসে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে না পারলেও মাল্টি স্টারার ছবিতে কিন্তু তাঁর কদর কম নয়। ‘বড়ে মিঞা’ অক্ষয় কুমারের ‘ছোটে মিঞা’ হয়ে অ্যাকশন তারকা হিসেবে ধরা দিয়েছেন। সেই ছবি অবশ্য বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। এদিকে গতবছর রোহিত শেট্টির তারকাখচিত ‘সিংহম এগেইন’ ছবিতে লক্ষ্মণ বেশে রাম অজয় দেবগণের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছেন। এবার 'বাগি ৪'-এর টিজারে হাড়হিম করা অবতারে ধরা দিলেন টাইগার শ্রফ।
