মা হওয়ার ঠিক একমাস পর সুখবর সকলকের সঙ্গে ভাদ করে নিয়েছিলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)। বাবা-মায়ের হাতের উপর সদ্যোজাতর কোমল হাতের ছবি দিয়ে জানিয়েছিলেন ২৭ মার্চ কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। বিশ্ব থিয়েটার দিবসে মাতৃত্বের স্বাদ পেয়ে লিখেছিলেন, 'বিশ্ব থিয়েটার দিবসে আমরা জীবনের সেরা উপহার পেয়েছি। পরিবারে ছোট্ট সোনার আগমন ঘটেছে। এই পৃথিবীতে তোমাকে স্বাগত, ইনকা।' মা হওয়ার পর প্রথম জন্মদিনে একরত্তিকে কোলে নিয়ে বিশেষ দিনে পারিবারিক উদযাপনে মেতেছেন চিত্রাঙ্গদা।
প্রথমবার সন্তানকে প্রকাশ্যে এনেছেন, ভক্তমহলে খুশির জোয়ার। ইনকার পরনে হালকা রঙের পোশাক, মাথা ভর্তি চুল। কখনও মায়ের কোলে তো কখনও আবার উপুর হয়ে মায়ের সঙ্গে ফটোশুট! ছাব্বিশ সালের জন্মদিন যে চিত্রাঙ্গদার কাছে স্পেশাল সে কথা বলাই বাহুল্য। এই সুখের সত্যিই কোনও বিকল্প নেই। অভিনেত্রীর পোস্টে তা একদম স্পষ্ট।
মা হিসেবে প্রথম জন্মদিন পালনের আনন্দ-অনুভূতি ভাগ করে লিখেছেন, 'মা হিসেবে এটি প্রথম জন্মদিন। গভীর অনুভূতি আর কৃতজ্ঞতার মধ্যে দিয়ে দিনটা কেটেছে। জীবনের অনেক ছোট ছোট উপলব্ধির মধ্যে হয়ত সবচেয়ে বড় উপলব্ধি এটাই যে, একজন মা যখন তাঁর সন্তানকে জন্ম দেন। সেসময় নিজের মধ্যেও যেন নতুন এক সত্তার জন্ম হয়। তাই মা, এই দিনটা তোমারও।'
আবেগপ্রবণ পোস্টে আরও লেখেন, 'যে বাড়িতে সম্বিত চট্টোপাধ্যায়ের বন্ধু হয়ে এসেছিলাম সেই বাড়িতেই আমার প্রথম জন্মদিন। এতগুলো বছর পরও পরিবারের একজন হয়ে থাকতে পারাটাই তো অপার সৌভাগ্য। আজও যাঁরা আমাকে ছোট্ট মেয়ের মতো আদর-আহ্লাদে আগলে রাখেন। মাতৃত্ব আমাকে শিখিয়েছে, চারপাশে প্রচুর মানুষের প্রয়োজনীয়তা নেই। শুধু প্রয়োজন নিজের মানুষগুলোকে।'
অনুভূতি ভাগ করে চিত্রাঙ্গদার সংযোজন, 'প্রতিটি জন্মদিনের শেষে একটু একটু করে আরও স্পষ্ট হয়ে ওঠে এজীবনে আমি আসলে কী অর্জন করেছি। আর সেই অর্জিত সম্পদ হল এই সুন্দর পরিবার, আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার স্বামী। আমার ছোট্ট ইনকা, যে আমার পুরো পৃথিবীটাই বদলে দিয়েছে।'
