shono
Advertisement
Dev Jeet

২ বছর পর পর্দায় 'বিপ্লবী' জিৎ, 'বাইক অ্যাম্বুল্যান্স'-এর মুক্তি পিছিয়ে স্বাধীনতা দিবসের বক্স অফিস ছাড়লেন দেব!

'বাইক অ্যাম্বুল্যান্স'-এর মুক্তি পিছিয়ে আগস্টে 'বিপ্লবী' জিৎকে জায়গা করে দিলেন দেব! রিলিজ দ্বন্দ্ব মিটিয়ে টলিউডে শান্তির সহাবস্থান।
Published By: Sandipta BhanjaPosted: 03:27 PM Jul 09, 2026Updated: 04:25 PM Jul 09, 2026

পঁচিশ সালে একগুচ্ছ বাংলা সিনেমা বক্স অফিসে বাজিমাত করলেও বছরশেষে ইন্ডাস্ট্রির অন্দরের 'ফাটল' প্রকাশ্যে এসেছিল। হল পাওয়া নিয়ে বিতর্ক থেকে স্ক্রিনিং কমিটির বৈধতা, নানা বিষয়ে সরগরম থেকেছে টলিপাড়া। সেকারণে ছাব্বিশ সালের গোড়া থেকেই আলোচনায় টলিউডের 'সিনে ক্যালেন্ডার'। উৎসবের মরশুমে কে, কোন সিনেমা রিলিজ করবেন? বক্স অফিসই বা কার দখলে থাকবে? এহেন হিসেব-নিকেশ টলিউডের বাস্তুতন্ত্রেও প্রভাব ফেলেছিল। তবে বৃহস্পতিবার বাংলা সিনেইন্ডাস্ট্রির 'দুই পৃথিবী'র ঘোষণা যেন শান্তির সরলরেখা টেনে দিল।

Advertisement

বৃহস্পতিবার ঘণ্টাখানেকের ব্যবধানে দেব-জিতের পোস্ট শোরগোল! কারণ দেব যখন 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'র রিলিজ পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন, তখন জিৎ জানালেন আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহের পর্দায় 'বিপ্লবী' অবতারে ধরা দেবেন তিনি।

স্বাধীনতা দিবসের আবহে রিলিজ করছে না দেবের 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'।

গোড়ায় শোনা গিয়েছিল, স্বাধীনতা দিবসে একসঙ্গে মুক্তি পাবে দুই সুপারস্টারের দুই বহু প্রতীক্ষিত সিনেমা। একদিকে দেবের 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা', অন্যদিকে জিতের 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। অতঃপর ১৪ আগস্ট স্বদেশপ্রেমে পাল তুলে বক্স অফিস মহারণের সম্ভাবনা ছিল, বললেও অত্যুক্তি হয় না। কিন্তু বৃহস্পতিবার ঘণ্টাখানেকের ব্যবধানে দেব-জিতের পোস্ট শোরগোল! কারণ দেব যখন 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'র রিলিজ পিছিয়ে দেওয়ার ঘোষণা করলেন, তখন জিৎ জানালেন আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহের পর্দায় 'বিপ্লবী' অবতারে ধরা দেবেন তিনি। প্রসঙ্গত, গতবছর পুজোয় জিতের এই সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ইন্ডাস্ট্রির সূত্র মারফৎ খবর, সেসময়ে স্ক্রিনিং কমিটির বৈঠকে নাকি সুপারস্টার খানিক বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন! শেষমেশ জিতের ছবিমুক্তি পিছিয়ে যায়। তবে এবার হিসেবের উলট-পুরণ!

একইদিনে দুই সুপারস্টারের এহেন ঘোষণায় টলিউডের বাস্তুতন্ত্রে শান্তির সহাবস্থান দেখছে ওয়াকিবহালমহল।

'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবিতে অনন্ত লাল সিংয়ের ভূমিকায় জিৎ, ছবি- ইনস্টাগ্রাম

দেব জানিয়েছেন, আগস্টের পর্দায় 'অ্যাম্বুল্যান্স দাদা' হিসেবে ধরা দিচ্ছেন না তিনি। কিন্তু কেন? সুপারস্টারের মন্তব্য, "সব সফরের একটা নির্দিষ্ট সময় থাকে। দর্শকের কাছে যাতে 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'কে যাতে ভালো করে পৌঁছে দিতে পারি সেকারণেই রিলিজ পিছোলাম। আমরা জানি, আপনারা সকলেই এই ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ধৈর্য ধরে এত ভালোবাসা, সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ। বিশ্বাস করুন, অপেক্ষা করলে ঠকবেন না!" পাশাপাশি খুব শিগগিরি 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' রিলিজের নতুন দিনক্ষণ ঘোষণার প্রতিশ্রুতিও দিয়েছেন দেব। অন্যদিকে নতুন ঝলক উন্মোচন করে আগামী ১৪ আগস্ট 'এক বিস্মৃতপ্রায় নায়কে'র আখ্যান নিয়ে আসার কথা জানালেন জিৎ। পথিকৃৎ বসুর পরিচালনায় 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ছবিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত লাল সিংয়ের ভূমিকায় ধরা দেবেন জিৎ। পয়লা ঝলকে কখনও বিপ্লবী আবার কখনও বা ডাকাতবেশে ব্রিটিশ রাজের বিরুদ্ধে মারকাটারি অ্যাকশন দেখিয়ে গায়ে কাঁটা ধরিয়েছিলেন। এবার স্বাধীনতা দিবসের পর্দায় 'বিপ্লবী' বেশে কাঁপন ধরানোর পালা। একইদিনে দুই সুপারস্টারের এহেন ঘোষণায় টলিউডের বাস্তুতন্ত্রে শান্তির সহাবস্থান দেখছে ওয়াকিবহালমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement