ভারতীয় সেলিব্রিটিদের হলিউড জার্নির কথা প্রায়ই উঠে আসে পেজ থ্রির খবরে। বলিউড থেকে হলিউডের ইঁদুর দৌড়ে দীপিকা-প্রিয়াঙ্কার সঙ্গে জুড়ে গেল আরও ভারতীয় অভিনেত্রীর নাম। তিনি আর কেউ নন, শাহরুখের সহ অভিনেত্রী সায়নী গুপ্ত। হিন্দি টেলিভিশন, সিনেমা, সিরিজের অত্যন্ত পরিচিত মুখ। এবার হলিউডে অভিষেক।
অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর চলতি বছরের শুরুতেই 'আসমানি' ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে। এবার আন্তর্জাতিক মঞ্চে নয়া অধ্যায় শুরুর অপেক্ষায় বঙ্গতনয়া সায়নী। আমেরিকান ছবি 'আর্যা'র হাত ধরে কেরিয়ারে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে অভিনেত্রী। সিনেমার এক্সিকিউটিভ প্রযোজকের ভূমিকাতেও থাকছেন সায়নী গুপ্ত।
নবাগত পরিচালক নীল তুলির পরিচালনায় 'আরিয়া'তে সায়নীকে দেখা যাবে এক পিয়ানো শিক্ষিকার চরিত্রে। এই মুহূর্তে মিনেসোটার ডুলুথে চলছে 'আর্যা'র শুটিং। হলিউড ছবিতে প্রথমবার দেখা গেলেও এর আগে 'দ্য ব্লাফ'এ কণ্ঠ দিয়েছেন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া। এবার পর্দায় আবির্ভাব নিঃসন্দেহে সায়নীর ফিল্মি কেরিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
নতুন জার্নি নিয়ে খুবই উচ্ছ্বসিত। সায়নীর কাছে হলিউডে পা রাখা ছিল অবশ্যম্ভাবী। তাঁর কথায়, "এটা হতেই হতো। অনেকদিন ধরেই এই জায়গায় পৌঁছানোর স্বপ্ন দেখেছি। প্রথম ছবিতেই এত সুন্দর একটি চিত্রনাট্য এবং দুর্দান্ত একটি চরিত্র পাওয়ায় আমি কৃতজ্ঞ।"
আরও বলেন, "এই গল্পটি অসাধারণ। হলিউডে কাজ করার জন্য আমি সঠিক ছবির অপেক্ষা করছিলাম। আর সেই অপেক্ষার ফল মিলেছে। আমরা যা শ্যুট করেছি এবং তৈরি করার চেষ্টা করেছি তা পুরো বিশ্বের সামনে আসার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।"
