shono
Advertisement
Jasmin Bhasin

দুঃস্বপ্নের দুবাই! জন্মদিন উদযাপন করতে গিয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে জ্যাসমিন

আনন্দের সেই সফর এক লহমায় বদলে গেল দুঃস্বপ্নে। আনন্দ পরিণত হল নিরানন্দে। দুবাইয়ে জন্মদিন উদযাপন করতে গিয়ে হাসপাতালে দিন কাটছে জ্যাসমিনের।
Published By: Kasturi KunduPosted: 11:16 AM Jun 29, 2026Updated: 01:00 PM Jun 29, 2026

২৮ জুন হৈ হৈ করে জন্মদিন উদযাপনের পরিকল্পনা করেছিলেন জ্যাসমিন বাসিন (Jasmin Bhasin)। অ্যালি গোনিকে নিয়ে দুবাইও উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু, আনন্দের সেই সফর এক লহমায় বদলে গেল দুঃস্বপ্নে। আনন্দ পরিণত হল নিরানন্দে। দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যাসমিন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন অ্যালি গোনি। হাতে স্যালাইনের চ্যানেল, জন্মদিনে বিছানায় শয্যাশায়ী 'বার্থডে গার্ল'। কঠিন সময়ে তাঁকে দু'হাত দিয়ে আগলে রেখেছেন মনের মানুষ অ্যালি।

Advertisement

জন্মদিন সেলিব্রেট করতে এসে এরকম এক পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক। সমাজমাধ্যমে জ্যাসমিনের বর্তমান শারীরিক অবস্থা জানিয়েছেন অ্যালি। হাসপাতালের বিছানায় সুয়ে থাকা জ্যাসমিনকে জড়িয়ে আবেগঘন পোস্টে লেখেন, 'শুভ জন্মদিন জ্যাসমিন। আমরা এখানে এসেছিলাম তোমার জন্মদিন উদযাপন করতে। একটা দারুণ পরিকল্পনা ছিল। জন্মদিনের সুন্দর স্মৃতি তৈরি করার বদলে আমরা এখন হাসপাতালের কেবিনে।'

অ্যালির পোস্ট

একরাশ যন্ত্রণা নিয়ে অ্যালির সংযোজন, 'তোমাকে কষ্ট পেতে দেখছি, এই সফরের সবচেয়ে কঠিন মুহূর্ত। আবার সুস্থ ও হাসিখুশি দেখতে সব উদযাপন ত্যাগ করতে রাজি। আল্লা তোমাকে অফুরন্ত সুখ, সুস্বাস্থ্য, ভালোবাসা ও সাফল্য প্রদান করুক। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আজ তোমার জন্মদিনে এটাই আমার একমাত্র প্রার্থনা। শুভ জন্মদিন। সবসময় ভালোবাসি।'

জ্যাসমিনের স্বাস্থ্য সম্পর্কে আরও জানান, 'যাঁরা আমাকে বারবার ফোন ও মেসেজ করছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য কৃতজ্ঞ। আমরা জ্যাসমিনের জন্মদিন উদযাপন করতে দুবাই এসেছিলাম, কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং মারাত্মক সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়। গত কয়েকটি দিন আমাদের জন্য অত্যন্ত কঠিন ও আবেগঘন ছিল।'

আরও যোগ করেন, 'সবার ফোন বা মেসেজের উত্তর দিতে পারিনি, তার জন্য দুঃখিত। এই মুহূর্তে ওঁর পাশে থাকাটাই আমার প্রধান কাজ। চিকিৎসার পর এখনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই ও আবার আগের মতো হাসিমুখে ফিরে আসবে। দয়া করে ওঁর জন্য প্রত্যেকে প্রার্থনা করবেন।'

উল্লেখ্য, ২০১৮ সালে রোহিত শেট্টির জনপ্রিয় স্টান্টভিত্তিক রিয়্যালিটি শো 'খতরোঁ কে খিলাড়ি'র নবম সিজনের শুটিংয়ের সময় আর্জেন্টিনায় প্রথম আলাপ। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। ২০২০ সালে 'বিগ বস ১৪'-এ পরস্পরের প্রতি ভালোবাসা জাহির করেন।

গত কয়েক বছর তাঁরা একত্রবাস করছেন। সামাজিকমাধ্যমে প্রায়ই ঘুরতে যাওয়ার নানান রঙিন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন এই জনপ্রিয় জুটি। অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জ্যাসমিনের ভক্তরা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement