সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই বোঝা গিয়েছিল এবার লোকসভায় বাংলা থাকবে তৃণমূলের দখলেই। অন্য়ান্য প্রার্থীদের সঙ্গে সঙ্গে তৃণমূলের তারকাপ্রার্থী দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, শত্রুঘ্ন সিনহা, শতাব্দী রায় বিপুল ভোটে জয়ী। বিনোদন জগত থেকে রাজনীতির আঙিনায় আসা এই তারকাপ্রার্থীদের জয়ে স্বাভাবিকেই খুশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁদেরই সহকর্মী অভিনেতা জয়জিৎ বন্দ্য়োপাধ্য়ায়। আর তাই তো রেজাল্ট বার হতেই ফেসবুকে লম্বা পোস্ট জয়জিতের। ছড়া আকারের এই পোস্টে জয়জিৎ যে বিজেপির শুভেন্দু অধিকারীকেই খোঁচা দিয়েছেন তা কিন্তু একেবারেই স্পষ্ট।
ফেসবুকে কী লিখলেন জয়জিৎ?
''আজ বাংলায়
হনুমানদের হুপ হাপ কমেছে
কলার দাম কমেছে
যাকে তাঁকে এনকাউন্টার করে দেবো কেউ বলছে না
অধিকারী পালিয়েছে ধাই কিরি কিরি
পুনশ্চ : বাংলায় সাম্প্রদায়িকতার তাস চলবে না কোনোদিন এবার কিছু হনুমান দলদাস হাইড্রেনের ঢাকনাখোলার মতন দুর্গন্ধ যুক্ত মন আর মুখ নিয়ে ঝাঁপিয়ে পড়বে।''
[আরও পড়ুন: রাজনীতির ‘নেপোকিড’ কুপোকাত, ‘সেনার মতো মান্ডিকে রক্ষা করব’, জিতেই প্রতিজ্ঞা ‘ক্যুইন’ কঙ্গনার]
সংবাদমাধ্যমকে জয়জিৎ জানিয়েছেন, তাঁর এই পোস্টের জন্য মন্তব্য বক্সে হুমকিও এসেছে। এমনকী, জয়জিৎ সেই হুমকি মন্তব্যে রুদ্রনীলকে ট্যাগ করলেও, রুদ্রর সাড়া পাওয়া যায়নি। জয়জিতের কথায়, '' জুন ও রচনা যাতে রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে আরও বেশি করে সিনেমার উন্নতির বিষয়টা দেখে। ওরা সবাই যেন চেষ্টা করে, সিঙ্গল স্ক্রিনের অবস্থা ফেরানো যায়। আর দেব তৃতীয় বার সাংসদ হল। দেব যে ভাল কাজ করে, তাঁর তৃতীয়বার জয়ই প্রমাণ করল।''
বরাবরই সোশাল মিডিয়ায় পোস্টের জন্য নানা সময় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েন জয়জিৎ। তবে ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে কিন্তু তিনি কখনই দমে যান না। গেরুয়া শিবিরের হুমকির মুখে পড়েও ভোটের ফলাফল নিয়ে একের পর এক পোস্ট করছেন জয়জিৎ।
