সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য জ্বর থেকে উঠেছেন শ্রীময়ী ও কাঞ্চন। হানিমুন থেকে ফিরেই যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন যে, নিজেদের ঘরবন্দি করে ফেলেছিলেন। তবে এখন সুস্থ। আর তাই তো সুযোগ পেয়েই কাঞ্চনকে নিয়ে বেরিয়ে পড়লেন। নাহ, শুধুই বেড়াতে নয়। বলা ভালো শ্রীময়ী একসঙ্গে সারলেন রথ দেখা আর কলা বেচা!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। উলটোরথ উদযাপন করতে সম্প্রতি ইসকনে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। গলায় জুঁইয়ের মালা পরে সেজে ছিলেন শ্রীময়ী। পাশে ছিলেন কাঞ্চন। ইসকন থেকে ছবি পোস্ট করে শ্রীময়ী লিখলেন, ''সবাইকে উল্টোরথের শুভেচ্ছা। কলকাতার ইস্কনে মাসির বাড়িতে রথযাত্রার শেষ দিনে সপরিবারে পুজো দিলাম এবং জগন্নাথদেবের দর্শন করলাম। জয় জগন্নাথ।'' রথের দিন বাড়িতেই রথ সাজিয়ে ছিলেন এই তারকা দম্পতি। সেই ছবিও পোস্ট করেছিলেন শ্রীময়ী-কাঞ্চন।
[আরও পড়ুন: আম্বানিদের রাজকীয় আতিথেয়তায় মুগ্ধ যশ-নুসরত, রিসেপশন থেকে ফিরে কী বলছেন টলিউড জুটি?]
মালদ্বীপে জমে উঠেছিল কাঞ্চন-শ্রীময়ীর মধুযাপন। সুইমিং পুলের নীল জলে একের পর এক মধুমাখা ছবি দিয়ে সোশাল পাড়ায় ঝড় তুলেছিলেন টলিউড দম্পতি। মাস তিনেক আগে বিয়ে করলেও বিধায়ক-অভিনেতার ব্যস্ততার জেরে হানিমুনে যাওয়া হয়নি অভিনেত্রীর। স্বামীর কাছে আবদারও রেখেছিলেন তিনি। এবার স্ত্রীয়ের ইচ্ছেপূরণ করলেন কাঞ্চন। তবে ফিরে এসেই জ্বরে পড়েন। তবে এবার সুস্থ হয়েই স্ত্রীকে নিয়ে গেলেন ইসকনে।
আইনি বিয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সেরেছিলেন। আনুষ্ঠানিক বিয়ে ৬ মার্চ। সম্প্রতি স্ত্রী শ্রীময়ীকে নিয়ে তারকা বিধায়ক সোশাল মিডিয়ায় লেখেন, “হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি, এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব খুব খুব ভালোবাসি।”
