বিজ্ঞাপন করে বিপাকে বলি ডিভা কৃতী শ্যানন! রাখির বিজ্ঞাপনে খোলামেলা পোশাক, সমাজমাধ্যমে ব্যাপক সমালোচিত পর্দার 'অ্যালি'। অত্যাধুনিক পোশাকে উন্মুক্ত বক্ষবিভাজিকা, ঐতিহ্যবাহী রাখি বন্ধন উৎসবকে কালিমালিপ্ত করেছে। এই অভিযোগে সোশালপাড়ার নীতিপুলিশরা আগেই তোপ দেগেছেন। এবার বিতর্কযজ্ঞে ঘৃতাহুতি কঙ্গনা রানাউতের। ইনস্টা স্টোরিতে কৃতীকে কড়া ভাষায় আক্রমণ অভিনেত্রী সাংসাদের।
বিকিনি বা অন্তর্বাসসুলভ পোশাক পরে ভাইকে রাখি পরাতে হবে? নাম না করে কতৃীকে আক্রমণ শানিয়েছেন কঙ্গনা রানাউত। একজন আধুনিক নারীর পোশাক বাছাইয়ের ক্ষেত্রে সচেতন হওয়ার বার্তাই রয়েছে তাঁর পোস্টে। সাংসাদ-অভিনেত্রী কঙ্গনার পোস্ট, 'একজন নারীর কাছে বর্তমান সময়কাল সত্যিই সুন্দর। আমাদের আলমারিতে মোটামুটি সবরকমের পোশাকই পাওয়া যায়। ককটেল ড্রেস থেকে লেহেঙ্গা চোলি, জিন্স, শাড়ি, বিকিনি, সালোয়ার কামিজের মতো বাহারি পোশাকের সমাহার। হাতের মুঠোয় এতগুলো অপশন। কিন্তু, ভাইকে রাখি পরানোর সময় বিকিনি বা অন্তর্বাসের মতো পোশাক পরতে হবে? স্টাইল করার জন্য তো অনেকরকমের ফ্যাশনেবল পোশাক রয়েছে। এই লুকটা সত্যিই ভীষণ অস্বস্তিকর।'
কঙ্গনার পোস্ট
একটি জুয়েলারি ব্র্যান্ডের তরফে রাখির বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রে কৃতীর পোশাক। রাখি বন্ধনের বিজ্ঞাপন বিতর্ক ঘিরে দ্বিধাবিভক্ত নেটভুবন। একাংশের মতে, ঐতিহ্যবাহী উৎসবমুখর অনুষ্ঠানের সঙ্গে কৃতীর পোশাক অসামঞ্জস্য। রাখি বন্ধনের মতো উৎসবে শরীর প্রদর্শনী পোশাক পরা উৎসবের ঐতিহ্য, ভাবমূর্তি নষ্ট করে।
রক্ষণশীল পারিবারিক পরিবেশে বিজ্ঞাপন তৈরি করা উচিত বলেও অনেকে মতপ্রকাশ করেছেন। কেউ আবার কৃতীর সমর্থনে বলেছেন, বিজ্ঞাপনে উৎসবই গুরুত্বপূর্ণ পোশাক নয়। এবিষয়ে এখনও পর্যন্ত কৃতীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
