shono
Advertisement
Natya Mela

আর জি কর কাণ্ডের প্রতিবাদে নাট্যমেলার অনুদান ফেরত, কী বলছেন কৌশিক সেন ও চন্দন সেন?

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমিতে চিঠি লিখে অনুদানের ৫০ হাজার টাকার চেক ফেরত পাঠিয়েছেন মালদহের একটি নাট্যগোষ্ঠীর সদস্যরা।
Published By: Akash MisraPosted: 07:56 PM Aug 29, 2024Updated: 07:56 PM Aug 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার সুবিচারের দাবিতে এবার রাজ্য সরকারি অনুদান ফেরাল নাট্যদল। বুধবার পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমিতে চিঠি লিখে অনুদানের ৫০ হাজার টাকার চেক ফেরত পাঠিয়েছেন মালদহের একটি নাট্যগোষ্ঠীর সদস্যরা। এছাড়া আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর - দুদিনের নাট্যমেলাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জানানো হয়েছে, ওই দুদিন মঞ্চের বদলে রাস্তায় নাটক করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ হবে।

Advertisement

এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সংবাদমাধ্যমে অভিনেতা-নাট্যব্যক্তিত্ব কৌশিক সেন জানান, ''আমি তাঁদের সিদ্ধান্তকে সমর্থন করি, সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এ ব্যাপারে একটু ভিন্নমত পোষণ করব। তবুও বলব তাঁদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কখনও যদি তাঁদের সঙ্গে যোগাযোগ হয়, তাহলে আমি বলতে পারব যে কেন আমি তাঁদের সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করছি না। তবুও আমি ফের বলব, সাম্প্রতিক আরজি করের ঘটনার ক্ষেত্রে যে তাঁদের সিদ্ধান্ত ও দৃঢ়চেতা সিদ্ধান্ত, তাকে আমি অত্যন্ত সম্মান করি। যে, যেভাবে পারে প্রতিবাদ গড়ে তোলাটাই এ মুহূর্তে জরুরি। তা থিয়েটার করে হোক, থিয়েটার না করে হোক। তাঁরা নাট্যমেলার অনুদান না নিয়ে কিংবা কিছু পুজো কমিটি অনুদান ফেরত দিয়ে যে প্রতিবাদগুলো করলেন, এগুলো হচ্ছেই কিছু রাজনৈতিক দলের অসভ্যতার জন্য। প্রতিবাদ নাগরিক আন্দোলন, মেয়েটির সুবিচারের জন্য শুরু হয়েছিল। যা দিন দিন পিছনে পড়ে যাচ্ছে। আর যে কারণ সহমত নই, সেটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার সবাই বুঝবে না। ''

অন্যদিকে, নাট্যব্যক্তিত্ব চন্দন সেন এই প্রতিবাদকে অভিবাদন জানান। তিনি বলেন, “অভিনন্দন জানাচ্ছি ওদের। আমার মনে হয় এরকম ঘটনা আরও ঘটতে থাকবে। প্রমাণ লোপাট হয়েছে। প্রমাণ লোপাটের বিরুদ্ধে প্রতিবাদ জানালে মুখ্যমন্ত্রী ফোঁস করতে বলেছেন। এই ফোঁস যদিও ২০১১-১২ সাল নাগাদও দেখেছি। তৃণমূলের লোকেরা সেট ভেঙে দেয় নাটক চলাকালীনও দেখেছি। সেসব ফোঁস ঘটবে আরও। তবে এই আন্দোলন আর রাজনৈতিক দলের হাতে নেই। এটা সাধারণ স্তরের মানুষ শুরু করেছেন। ১৪ তারিখ রাত তার প্রমাণ।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নাট্যব্যক্তিত্ব চন্দন সেন এই প্রতিবাদকে অভিবাদন জানান।
  • ওই দুদিন মঞ্চের বদলে রাস্তায় নাটক করে আর জি কর কাণ্ডের প্রতিবাদ হবে।
Advertisement