গত জুন মাসে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। প্রাক্তন ফেডারেশন সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক মহিলা রূপটান শিল্পী। শুধু তাই নয়, ফেডারেশনের শর্ত না মানায় দু'বছর কাজ পাননি বলেও দাবি করেন তিনি। কিন্তু শুক্রবার রাতে আচমকাই 'ডিগবাজি' ওই রূপটান শিল্পীর! ফেসবুক লাইভে এসে তিনি জানান, "স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেননি।" শুধু তাই নয়, স্বরূপের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার কথাও জানান।
"না আমি ওনাকে চিনি, না উনি আমাকে চেনেন। আমি তো এরকম জবানবন্দি দিইনি। তাও কেন উনি গ্রেপ্তার হলেন জানি না।..."
ভিডিও বার্তায় ওই মহিলা জানান, "কিছু মানুষ মিথ্যে অভিযোগ দিতে বলেছিল আমাকে। আর আমি ওদের কথা শুনে এসব বলেছিলাম। আমি কিন্তু কখনও বলিনি স্বরূপ বিশ্বাস আমার শ্লীলতাহানি করেছেন। এমনকী, যে কমপ্লেন লেখা হয়েছে সেটা আমার না। সইটা হয়তো আমার। তবে আমাকে চাপ দিয়ে করানো হয়েছে। যে যেটা করেনি আমি সেটা কেন বলব। না আমি ওনাকে চিনি, না উনি আমাকে চেনেন। আমি তো এরকম জবানবন্দি দিইনি। তাও কেন উনি গ্রেপ্তার হলেন জানি না। যারা বলেছিল 'ভয় আউট ভরসা ইন', তাঁদের কথা শুনে আমি নিউ আলিপুর থানায় জবানবন্দি দিলাম। জানি না আমি জবানবন্দি দেওয়ার পর কী করে স্বরূপবাবু গ্রেপ্তার হলেন। আমার মূল অভিযোগ স্বরূপ বিশ্বাসকে নিয়ে নয়, বরং শান্তনু দে আর বাপি মালাকারকে নিয়ে। আমি জানি আমি কী অভিযোগ তুলেছিলাম। আমি বলেছিলাম ওরা আমাকে বাড়িতে থ্রেট দিতে এসেছিল, গুলি করতে এসেছিল। সবাই বলছে আমার জবানবন্দির জন্য উনি গ্রেপ্তার হয়েছেন।"
"৪২টা দিন আমার জন্য নাকি জেল খেটেছেন উনি। কিন্তু আমি তো এরকম কোনও কথাই বলিনি। দাদা ওরকম মানুষই না।..."
ভিডিও বার্তায় তাঁর সংযোজন, "৪২টা দিন আমার জন্য নাকি জেল খেটেছেন উনি। কিন্তু আমি তো এরকম কোনও কথাই বলিনি। দাদা ওরকম মানুষই না। আমি শুনেছি, উনি মানুষটা ভালো, মেয়েদের সম্মান দেন। আমার লিখিত জবানবন্দিতে বাপি মালাকার, শান্তনু দের নাম ছিল। দাদার কথা কেন বলতে যাব! মিথ্যে একটা জালে দাদা ফেঁসেছেন, আমিও ফেসেছি। দাদাও দুই মেয়ের বাবা, আমি দুই মেয়ের মা! আমার খুব খারাপ লাগছিল। তাই নিউ আলিপুর থানায় গিয়ে আমি মামলা প্রত্যাহার করেছি।" রূপটান শিল্পী এও জানান যে, তিনি আর কোনও ঝামেলা অশান্তি চান না, শুধু কাজ করতে চান। শুক্রবার রাত থেকে মহিলার এহেন ভিডিওবার্তা সোশাল পাড়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছে।
