সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ঝোড়ো ইনিংস খেলছে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী ২'। ছবিতে পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অপারশক্তি খুরানার মতো পোড় খাওয়া অভিনেতারাও রয়েছে। এদের পাশাপাশি যাকে নিয়ে জোর চর্চা, সে 'সরকটে'। সেই পাপী আত্মা যে এক যৌনকর্মীকে খুন করে 'স্ত্রী'তে পরিণত করেছিল। এই চরিত্রেই অভিনয় করেছেন সুনীল কুমার। যাঁর উচ্চতা 'গ্রেট খালি'র থেকেও বেশি।
জম্মুর বাসিন্দা সুনীল। পরিচালক অমর কৌশিক তাঁর শরীরেই 'সরকাটে'কে রিল লাইফের জন্য জীবন্ত করে তুলেছেন। শরীর সুনীলের হলেও মুখটি কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। সে যাই হোক, 'স্ত্রী ২'র মুক্তি পর থেকেই সোশাল মিডিয়ায় সুনীলকে নিয়ে জোর চর্চা। শোনা গিয়েছে, পুলিশে চাকরি করেন সুনীল। স্পোর্টস কোটায় চাকরি পেয়েছেন তিনি। কনস্টেবল হিসেবে কাজ করেন।
[আরও পড়ুন: নারী সুরক্ষা নিয়ে উত্তাল দেশ, বিচার চাইতে এবার কোমর বাঁধছেন রানি!]
নানা খেলা খেলেছেন সুনীল। কুস্তিতে তাঁর বিশেষ আগ্রহ। বিশেষ করে WWE (ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট)। ২০১৯ সালে WWE-র ট্রায়ালেও গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর নাম 'দ্য গ্রেট অঙ্গার'। এখানেই বলে রাখা প্রয়োজন, WWE ভারতীয় স্টার 'দ্য গ্রেট খালি'র থেকেও ৫ ইঞ্চি লম্বা সুনীল। নিয়মিত শরীরচর্চা করেন তিনি।
দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে এসেছে ‘স্ত্রী ২’। ঠিক যে সময়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে নারীদের স্বাধীনতা নিয়ে। সমাজে নারীদের অবস্থান, অধিকার নিয়ে। বাংলার আর জি কর কাণ্ডে হওয়া অপরাধের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। এই অস্থির সময়ে বাংলার প্রেক্ষাগৃহেও কিন্তু রমরমিয়ে চলছে ‘স্ত্রী ২’। বেঙ্গল বক্স অফিসের রিপোর্ট অনুযায়ী, পয়লা সপ্তাহেই ৩-৪ কোটির ব্যবসা করেছে শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা। সারা বিশ্বে ছবির আয়ের পরিমাণ ৪২৮ কোটি টাকা বলেই জানা গিয়েছে। আর তাতেই চলতি বছরের সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি সিনেমার তালিকায় সর্বোচ্চ স্থানটি দখল করে ফেলেছে।
