shono
Advertisement
Shabana Azmi

'আমার কঙ্গনা প্রীতি নেই, কিন্তু...' চড় কাণ্ডে সরব শাবানা আজমি

ঠিক কী বলেছেন শাবানা?
Published By: Akash MisraPosted: 10:31 AM Jun 08, 2024Updated: 10:31 AM Jun 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্গনার চড় কাণ্ডে বলিউডের খুব কম জনই মুখ খুলেছেন। এমনকী, বলিউডের চুপ থাকায় বিরক্তিও প্রকাশ করেছেন কঙ্গনা। সোশাল মিডিয়ায় স্পষ্টই প্রতিবাদ করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির এমন ঠান্ডা আচরণে। তবে কঙ্গনার পাশে না থেকেও, গোটা ঘটনার তীব্র নিন্দা করলেন অভিনেত্রী শাবানা আজমি। এক সময় শাবানা আজমির স্বামী গীতিকার জাভেদ আখতারের সঙ্গে বচসায় জড়িয়ে ছিলেন কঙ্গনা। সেই কঙ্গনাকে চড় মারার ঘটনার তীব্র নিন্দা করলেন শাবানা আজমি।

Advertisement

কী বললেন শাবানা?

শাবানা তাঁর এক্স হ্যান্ডেলে লিখলেন, ''আমার একেবারেই কঙ্গনা প্রীতি নেই। তবে এই চড়ের যে উদযাপন করা হচ্ছে, তার নিন্দা করছি। কারণ, নিরাপত্তারক্ষীরা যদি আইন তৈরি করে, তাহলে আমরা কেউ নিরাপদ নই।''

এক চড়ে সারা দেশে শোরগোল ফেলে দিয়েছেন চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌর। কারণ সেই চড়টি তিনি মেরেছেন কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। বিষয়টি নিয়ে পক্ষ-বিপক্ষের তরজা চলছে। এর মধ্যেই আবার কুলবিন্দরকে চাকরির প্রস্তাব দিলেন বলিউডের সুরকার বিশাল দদলানি (Vishal Dadlani)।

[আরও পড়ুন: কঙ্গনার চড় কাণ্ডে গ্রেপ্তার CISF মহিলা জওয়ান, নেটপাড়ায় সমালোচনার ঝড়]

ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট শেয়ার করে বিশাল লেখেন, “আমি হিংসা সমর্থন করি না। কিন্তু মহিলা জওয়ানের রাগের কারণ বুঝতে পারছি। যদি CISF এনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়। আমি কথা দিচ্ছি, তাঁর জন্য একটি চাকরি অবশ্যই রইল যদি তা করতে ইচ্ছুক হন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।”

বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথেই চণ্ডীগড়ে এই অনভিপ্রেত ঘটনা ঘটে। এরপরই ভিডিও বার্তায় কঙ্গনা রানাউত বলেন, “আমি উদ্বিগ্ন পাঞ্জাবে বাড়তে থাকা সন্ত্রাস নিয়ে। কী করে এদের সামলাব আমরা?” কিন্ত কেন এমন কাণ্ড ঘটালেন কুলবিন্দর কৌর? প্রশ্নের মুখে পড়তেই তাঁর সপাট জবাব, “কঙ্গনা বলেছিলেন ১০০ টাকার জন্য কৃষকরা ওখানে বসে আছে। উনি কি গিয়ে বসেছিলেন সেখানে? কঙ্গনা যখন এহেন কটুক্তি করছিলেন কৃষক আন্দোলন নিয়ে, তখন আমার মা শামিল ছিলেন ওই প্রতিবাদে।” বোনের সমর্থনে মুখ খুলেছেন তাঁর ভাই শের সিং মহিবালও। তাঁর কথায়, “কঙ্গনার পার্স চেকিংয়ের সময়ই ঘটনাটা ঘটেছে বলে জানতে পারলাম। উনি বলেছিলেন, পাঞ্জাবের আন্দোলনরত মহিলারা ১০০ টাকায় বিক্রি হয়ে গিয়েছে। বাকবিতণ্ডার মাঝে মাথা ঠান্ডা না রাখতে পেরেই হয়তো আমার বোন চড় কষিয়েছে।” গ্রেপ্তার হয়েছেন চণ্ডীগড় বিমানবন্দরের মহিলা নিরাপত্তাকর্মী কুলবিন্দর কৌর।

[আরও পড়ুন: চড় কাণ্ডে ‘মলম’! সংসদে প্রথম সাক্ষাতেই কঙ্গনাকে বুকে টেনে নিলেন চিরাগ পাসওয়ান]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথেই চণ্ডীগড়ে এই অনভিপ্রেত ঘটনা ঘটে।
  • এর মধ্যেই আবার কুলবিন্দরকে চাকরির প্রস্তাব দিলেন বলিউডের সুরকার বিশাল দদলানি
Advertisement