বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ জ্বর অব্যাহত। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে নজির গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে রণবীরদের ছবির সিক্যুয়েল। ছবি নিয়ে চর্চাও চলছে পুরোদমে। যার মধ্যে অন্যতম দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। ছবিতে যাকে দেখানো হয়েছে মৃত্যুশয্যায়। কিন্তু বাস্তবেও কি দাউদের এরকমই অবস্থা? বিস্ফোরক দাবি করলেন পাক রাজনীতিবিদ নবিল গাবোল। যাঁকে অনুসরণ করেই নাকি পর্দায় তৈরি করা হয় জামিল জামালি চরিত্রটি। রাকেশ বেদি অভিনীত চরিত্রটি ছবির অন্যতম আকর্ষণ। এবার প্রকাশ্যে আসল ‘জামিল জামালি’!
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছে, ''মুম্বইয়ের এক প্রতিবেশী করাচিতে বসবাস করেন। ওঁকেই সবাই বড়ে সাহাব বলে। আপনারা দেখা করেছেন নাকি তাঁর সঙ্গে?'' পালটা নবিল গাবোলের কাছেই জানতে চাওয়া হয় তিনি কখনও দাউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা। জবাবে পাক রাজনীতিবিদ দাবি করেছেন, তিনি কখনও দাউদের সঙ্গে দেখা করেননি। ছবি দেখে জেনেছেন করাচির ক্লিফটন অঞ্চলে নাকি দাউদ থাকেন। কিন্তু তিনি এই নিয়ে কিছুই জানেন না।
বিস্ফোরক দাবি করলেন পাক রাজনীতিবিদ নবিল গাবোল। যাঁকে অনুসরণ করেই নাকি পর্দায় তৈরি করা হয় জামিল জামিলি চরিত্রটি।
'ধুরন্ধর ২' ছবিতে দেখানো হয়েছে, দাউদ ইব্রাহিম রয়েছেন মৃত্যুশয্যায়। জামিল জামিলিই তাঁকে বিষপ্রয়োগ করে শয্যাশায়ী করে রেখেছেন। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে গাবোল বলছেন, ''ধুরন্ধরে দেখানো হয়েছে, উনি মৃত্যুশয্যায় রয়েছেন। জামিলের ইনজেকশনের ধাক্কায় মরতে বসেছেন। কিন্তু আমি জানি না উনি আদৌ বেঁচে আছেন কিনা।'' তাঁর এহেন মন্তব্যে চর্চা শুরু হয়েছে, তাহলে কি দাউদ আর বেঁচে নেই?
উল্লেখ্য, ‘ধুরন্ধর’-এর প্রথমভাগ বিশ্বজুড়ে ১,৩০০ কোটি আয় করে হিন্দি সিনেমার অন্যতম বড় স্পাই থ্রিলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে মাইলস্টোন ছুঁয়েছে। ধারাবাহিকতা বজায় রেখেছে দ্বিতীয় ভাগও। আগামীতে সারা-রণবীরের ধুরন্ধর ২-এর ঝুলি যে আরও ফুলে ফেঁপে উঠবে বক্স অফিস আয় সেই ইঙ্গিতই দিচ্ছে।
