shono
Advertisement

Breaking News

Jharkhand Student Protest

আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের 'বর্বরতা'য় ফুঁসছেন প্রকাশ

আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের বলপ্রয়োগের ঘটনাকে ধিক্কার জানিয়েছেন প্রকাশ রাজ।
Published By: Kasturi KunduPosted: 09:22 AM Aug 11, 2026Updated: 03:36 PM Aug 11, 2026

শিক্ষা দুর্নীতির প্রতিবাদে উত্তপ্ত ঝাড়খণ্ড (Jharkhand Student Protest)। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় একগুচ্ছ অনিয়মের অভিযোগ। এই ঘটনায় ফুঁসে উঠেছেন হাজার হাজার পরীক্ষার্থী। হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে প্রতিবাদ। ১০ আগস্ট, সোমবারের কর্মসূচীতে ঝাড়খন্ডের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা রাঁচিতে জমায়েত হন। আন্দোলনের ১৬তম দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। আন্দোলনকারারী বিধানসভার দিকে এগিয়ে যেতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তাঁদের আটকাতে পুলিশ প্রথমে জলকামান ছুড়েছে। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় লাঠিচার্জ করে পুলিশ। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ধস্তাধস্তিও হয়। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)।

Advertisement

আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশের বলপ্রয়োগের ঘটনাকে ধিক্কার জানিয়েছেন। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ড বিধানসভার বাইরে বিক্ষোভরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কিন্তু, তবুও প্রতিবাদ থেকে বিরত থাকেননি শিক্ষার্থীরা। প্রকাশ রাজ এক্স হ্যান্ডলে ঘটনাস্থল থেকে একটি ভিডিও শেয়ার করে শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা তুলে ধরে প্রশ্ন ছুড়েছেন, 'কেন... কেন... কেন? এত নিষ্ঠুর আচরণ! অহংকারের পতন অনিবার্য।'

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে এই আন্দোলন অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। সঠিক তদন্তের জন্য সিবিআই হস্তক্ষেপের দাবিও তুলেছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বাবুলাল মারান্ডি। তাঁর অভিযোগ, গত ১৪-১৫ দিন শিক্ষার্থীরা আন্দোলন চালাচ্ছেন, অনশন করে অসুস্থ হয়ে পড়ছেন তবুও টনক নড়ছে না। সিবিআই তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করতে গেলে বাসভবনের সামনে আটকে দেওয়া হয়। সরকারের এই আচরণকে 'স্বৈরাচারী' বলে ফুঁসে উঠেছেন। যদিও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement