বিজয়-রশ্মিকার বিয়ের পর কেটে গিয়েছে সপ্তাহখানেক। বুধবার হায়দরাবাদে নবদম্পতির বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার গ্র্যান্ড রিসেপশন। তার ঠিক আগে অনুরাগীদের সামনে উপস্থিত হলেন তাঁরা। গাঁটছড়া বাঁধার পরে এটাই অনুরাগীদের সঙ্গে প্রথম 'মিট অ্যান্ড গ্রিট' তাঁদের। অটোগ্রাফ বিলানোর পাশাপাশি নিজের হাতে অনুরাগীদের খাবারও পরিবেশন করলেন দু'জনে। আর তারই ফাঁকে বিজয়কে নিজের হাতে খাইয়েও দিলেন রশ্মিকা। যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে নবদম্পতির মিষ্টি রসায়ন স্পষ্টতই দৃশ্যমান।
মঙ্গলবার রশ্মিকা ও বিজয় যেখানে দেখা করেন সকলের সঙ্গে, সেই বাড়িটি ফুলে ফুলে সাজানো ছিল। একটা বোর্ডে লেখা ছিল 'আমাদের বর্ধিত পরিবারে স্বাগত। ভালোবাসা-সহ বিরোশ।' উপস্থিত অতিথিদের সঙ্গে হাত মেলান নবদম্পতি। এমনকী রশ্মিকা অনেককে আলিঙ্গন করেন। অটোগ্রাফ দেন। এরপর সকলকে বসিয়ে খাওয়ান তাঁরা। তারকা হয়েও মাটির কাছাকাছি নেমে এসে যেভাবে তাঁরা সকলের সঙ্গে সময় কাটালেন তা দেখে মুগ্ধ নেটিজেনরা।
মঙ্গলবার রশ্মিকা ও বিজয় যেখানে দেখা করেন সকলের সঙ্গে, সেই বাড়িটি ফুলে ফুলে সাজানো ছিল। একটা বোর্ডে লেখা ছিল 'আমাদের বর্ধিত পরিবারে স্বাগত। ভালোবাসা-সহ বিরোশ।'
এর আগে গত সোমবার তেলেঙ্গানার থাম্মানপেটের পৈতৃক ভিটেতে পা রাখেন সস্ত্রীক বিজয় দেবরাকোন্ডা। বিয়ের পর গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পুজো দেন তারকা দম্পতি। সৌজন্য বিনিময় সারেন গ্রামের মানুষদের সঙ্গে। কিন্তু এখানেই শেষ নয়, একজন শিল্পীর সমাজের প্রতি যে দায়বদ্ধতা থাকে তা অক্ষরে অক্ষরে পালনের পথে হাঁটেন নবদম্পতি। নিজের গ্রামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন বিরোশ। এদিকে মঙ্গলবার সকালে নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একগুচ্ছ ছবি ভাগ করে নেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। যেখানে ধরা পড়ে ভরপুর রোম্যান্স। রশ্মিকা লেখেন, ‘সেই রাতে আমরা এক হয়েছিলাম, কখনও ভুলব না।’
এদিকে বুধবার বিরোশের রিসেপশনে অতিথি তালিকা নিয়ে নানা জল্পনা রয়েছে। বিয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বিজয় ও রশ্মিকা। অমিত শাহের সঙ্গে দেখা হয়েছে তাঁদের। সম্ভবত আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দু’জনই। এছাড়া বলিউডের প্রথম সারির অভিনেতাদের রিসেপশন আমন্ত্রণ করেছেন তাঁরা। তেলুগু, তামিল, মালায়ালম, কন্নড় ছবির অভিনেতারাও বিরোশের গ্র্যান্ড রিসেপশনে আসতে পারেন। সবমিলিয়ে আমন্ত্রিতদের তালিকায় যে ঠাসা হাই প্রোফাইল ব্যক্তিত্বের ভিড়, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
