shono
Advertisement
Mamta Kulkarni Bigg Boss

সলমনের 'বিগ বস'-এ মমতা কুলকার্নি! বিতর্কিত নায়িকার সন্ন্যাসগ্রহণের 'স্টান্টে'ই ডাক?

এই গুঞ্জন সত্যি হলে আবারও 'বিগ বস'-এর মঞ্চে তিন দশক বাদে দেখা যাবে সলমন-মমতাকে।
Published By: Sandipta BhanjaPosted: 11:27 AM Jun 07, 2025Updated: 11:27 AM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বিগ বস'-এর ঘর মানেই বিতর্কিত তারকাদের সমাহার। সলমন খানের সঞ্চালিত শোয়ের প্রতি মরশুমের প্রতিযোগীদের ঘিরেই আলাদা কৌতূহল থাকে দর্শকমহলে। এবার নাকি সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে যোগ দেওয়ার প্রস্তাব গেল 'মমতানন্দ গিরি' ওরফে মমতা কুলকার্নির কাছে। যিনি চলতি বছর জানুয়ারি মাসেই প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিয়ে কিন্নর আখড়ায় সন্ন্যাসগ্রহণ করেছেন। পেয়েছিলেন 'মহামণ্ডলেশ্বর' পদও।

Advertisement

জীবনের এই নতুন অধ্যায় শুরু করে সলমন-শাহরুখের একসময়কার অভিনেত্রী যতই আবেগপ্রবণ হোন না কেন, তাঁকে ঘিরে বিতর্কের রেশ এখনও বহাল! একাধিক হিন্দু সংগঠন, সাধুসন্তদের প্রতিবাদের জেরে কিন্নড় আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকেও বহিষ্কৃত হয়েছেন মমতা। এবার সেই বিতর্কিত নায়িকা তথা অভিনেত্রীর কাছেই নাকি 'বিগ বস ১৯'-এ যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে। যদিও এই বিষয়ে মমতা বা নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, সলমন খানের সঙ্গে করণ অর্জুন ছবিতে অভিনয় করেছিলেন মমতা। এই গুঞ্জন সত্যি হলে আবারও 'বিগ বস'-এর মঞ্চে তিন দশক বাদে দেখা যাবে দুই তারকাকে।

নয়ের দশকের হিট বলিউড অভিনেত্রী। মমতা কুলকার্নির মায়াজালে পড়েছিলেন মুম্বইয়ের তৎকালীন অন্ধকারজগতের তাবড় ডনরাও। বলিউডে তখন মাফিয়ারাজ। লাস্যময়ী নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে। একের পর এক বিতর্ককে সঙ্গী করে মাঝপথেই স্তব্ধ হয় মমতার বলিউডের গ্ল্যামারাস কেরিয়ার। পরবর্তীতে একটি বাংলা সিনেমাতেও দেখা যায় তাঁকে। ২০০১ সালে অভিজিৎ সেন পরিচালিত 'বংশধর' নামক বাংলা ছবিতে শেষ অভিনয় করেন মমতা। এরপরই গ্ল্যামারদুনিয়াকে বিদায় জানান। গত ২৪ জানুয়ারি কিন্নর আখড়ার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের সঙ্গে দেখা করেন মমতা কুলকার্নি। তাঁর হাত ধরেই শুরু করেন জীবনের আধ্যাত্মিক ইনিংস। সন্ন্যাস নেওয়ার নিয়মানুযায়ী বদলে যায় বলিউডের একসময়কার হিট নায়িকা পরিচয়ও। মমতা কুলকার্নির পরিবর্তে তাঁর নতুন নামকরণ করা হয় মমতানন্দ গিরি। মহাকুম্ভের কিন্নর আখড়া থেকে ভাইরাল হওয়া ছবিতে সলমন-শাহরুখের করণ অর্জুন অভিনেত্রীকে দেখা যায় গেরুয়া বসনে। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। তবে সেই গ্ল্যামার আর নেই! একনজরে মমতাকে দেখে চিনতে পারাও দায় হয়ে ওঠে!

বিগত কয়েক বছর ধরেই লাইমলাইটের অন্তরালে থাকেন মমতা কুলকার্নি। 'করণ অর্জুন', 'আশিক আওয়ারা' থেকে শুরু করে নয়ের দশকে একাধিক হিট বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথমসারির নায়কদের সঙ্গেও স্ক্রিনস্পেস শেয়ার করেছেন। তবে পরবর্তীতে নাকি জীবনের এক অস্থির সময়ে ধর্মে মতি হয় তাঁর। আধ্যাত্মিক পথ অনুসরণ করেন অভিনেত্রী। আর চলতি বছর সমস্ত মোহমায়া কাটিয়ে সন্ন্যাসিনী হন মমতা কুলকার্নি। সেই তপস্বীকেই এবার দেখা যেতে পারে সলমন খান সঞ্চালিত 'বিগ বস'-এ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রিয়ালিটি শোয়ে যোগ দেওয়ার প্রস্তাব গেল 'মমতানন্দ গিরি' ওরফে মমতা কুলকার্নির কাছে।
  • যিনি চলতি বছর জানুয়ারি মাসেই প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিয়ে কিন্নর আখড়ায় সন্ন্যাসগ্রহণ করেছেন।
  • সেই বিতর্কিত নায়িকা তথা অভিনেত্রীর কাছেই নাকি 'বিগ বস ১৯'-এ যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে!
Advertisement