সোশাল মিডিয়ায় 'নিব্বা নিব্বি' এই দু'টি শব্দ নিয়ে তুমুল চর্চা। প্রেমিক-প্রেমিকার কথা বোঝাতে তরুণ প্রজন্মের যেন মুখের ভাষা হয়ে উঠেছে এই শব্দটি। টলিপাড়ায় এবার দেখা মিলল 'নিব্বা নিব্বি'র। সৌরসেনী মৈত্র এবং ঋষভ বসুর প্রথম ডিরেক্ট টু ডিজিটাল অরিজিনাল ছবি নিয়ে চলছে জোর চর্চা।
'নিব্বা নিব্বি' নিছক তরুণ-তরুণীর প্রেমের গল্প নয়। বেপরোয়া নির্মম যুগলের কাহিনি। তারা চায় নিজের জীবন নিজের শর্তে উপভোগ করতে। পরিস্থিতি তাদের বারবার পালাতে বাধ্য করে। আর সেই পালানোর পথেই আসে নয়া বিপত্তি। সবমিলিয়ে একটি রোড ট্রিপকে কেন্দ্র করে এগোতে থাকে গোটা গল্প। নির্মম যুগল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে ছুটতে হিংসা, ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়ে। বিপজ্জনক অভিযানেরই গল্প 'নিব্বা নিব্বি'। জি ফাইভের এই ডিরেক্ট টু ডিজিটাল অরিজিনাল ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায়। ছবিতে এই প্রথমবার জুটি বাঁধছেন ঋষভ বসু এবং সৌরসেনী মৈত্র। এছাড়া রয়েছেন শংকর চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, জয় বদলানি, দেবপ্রসাদ হালদার-সহ আরও অনেকে।
'নিব্বা নিব্বি' ছবিতে সৌরসেনী মৈত্র এবং ঋষভ বসু
আগামী ১৪ আগস্ট জি ফাইভে ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবির মূল মন্ত্র 'ফান উইথ গানস' বলেই জানান পরিচালক তথাগত মুখোপাধ্যায়। জি বাংলার বিজনেস হেড রুসা মুখোপাধ্যায়ের দাবি, এই ছবিটি বিনোদনে ভরপুর। শুধু প্রেম নয়। তার সঙ্গে গুলি, বন্দুক এবং সম্পর্কের বিষাক্ত বাস্তবতাকে ফুটিয়ে তোলা হবে। যা 'নিব্বা নিব্বি'কে অন্য প্রেমের গল্প থেকে সম্পূর্ণ আলাদা করে তুলবে। আর এই চমক প্রতিটি দর্শকের মন ছোঁবে বলেই আশা নির্মাতাদের। সাহসী, ছকভাঙা এই ছবি দর্শকদের মন ছুঁতে পারে কিনা এখন সেটাই দেখার।
