শাহরুখ খান (Shah Rukh Khan), 'নাম তো শুনা হি হোগা...'। ভারতীয় সিনেদুনিয়ার মেগাস্টার। 'কিং অফ রোম্যান্স' আজও দু'বাহু প্রসারিত করে ঠোঁটের কোণের একচিলতে হাসি নিয়ে ধরা দিলে গোটা বিশ্বের অগণিত অনুরাগীর হৃদয়ে হিল্লোল ওঠে। স্টারডমের পাশাপাশি কোটি কোটি টাকার ব্যবসা সামলে আজ যিনি প্রায় সাড়ে বারো হাজার কোটির 'ধনকুবের', সেই শাহরুখকেই কিনা একসময়ে দিল্লির 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা'য় সিঙারা পরিবেশন করতে হত! সিনেমার চিত্রনাট্যকেও যেন হার মানায় বাদশার জীবন। কেন? কিং খানের সেই অতীত কথন ফাঁস করলেন শাহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর (Pankaj Kapur)।
"আমরা এনএসডি'তে পড়াকালীন যিনি সিঙ্গারা পরিবেশন করতেন, তিনি আর কেউ নন, খোদ শাহরুখ খান।..."
বলিউডে তিন দশকের ব্লকবাস্টার কেরিয়ার গড়ে তোলার আগে দিল্লির ছেলেটি এনএসডিতে এমন ক'জন স্বনামধন্য অভিনেতার সান্নিধ্য পেয়েছিলেন, যা তাঁর ফিল্মি কেরিয়ারের পথ প্রশস্ত করেছিল। মায়ানগরীতে একবুক স্বপ্ন নিয়ে পা রাখা সেই একরোখা, জেদি ছেলেটিই আজ আসমুদ্রহিমাচলের 'মেগাস্টার'। যাঁর ব্যক্তিগত জীবন থেকে দর্শনবোধ ব্যকরণসম। সেই ছেলেটিই একসময়ে দিল্লির 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা'র ক্যান্টিন চালাত। সম্প্রতি 'কিন্ডল কাস্ট'-এর ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় সেসব কথা ফাঁস করলেন পঙ্কজ কাপুর। প্রবীণ অভিনেতা জানান, সত্তরের দশকের মাঝামাঝি সময়। সেসময়ে তাঁরা এনএসডি'র পড়ুয়া। ওই সময়েই প্রায়শই এনএসডি'র ক্যান্টিনে দেখা যেত বালক শাহরুখকে। নাটকে বিরতির সময় যিনি শিল্পীদের জলখাবার পরিবেশনে সাহায্য করতেন। আজকের শাহরুখের সঙ্গে সেই খুদের তুলনা টানলে অবাক হওয়া অস্বাভাবিক নয়!
একসময়ে দিল্লির 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা'য় সিঙারা পরিবেশন করতেন কিং খান, আজ ব্লকবাস্টার হিরো।
পরবর্তীতে ১৯৯৫ সালে অ্যাকশন-থ্রিলার ছবি 'রাম জানে'তে বাদশার সঙ্গে কাজ করেন পঙ্কজ কাপুর। কিন্তু সেই ছেলেটিই যে ভবিষ্যতের মহাতারকা, বুঝতেই পারেননি শাহিদের বাবা! সাক্ষাৎকারে সেই অতীত কথাই ফাঁস করলেন প্রবীণ অভিনেতা।
ওই সাক্ষাৎকারে পঙ্কজ কাপুর বলেন, "আমরা এনএসডি'তে পড়াকালীন যিনি সিঙ্গারা পরিবেশন করতেন, তিনি আর কেউ নন, খোদ শাহরুখ খান। তখন ও নিতান্তই ছোট। বয়স মাত্র ১০ বছর হবে। আসলে সেসময় ন্যাশনাল স্কুল অফ ড্রামার ক্যান্টিন পরিচালনার দায়িত্বে ছিলেন শাহরুখের বাবা মীর তাজ মোহাম্মদ খান চাচা।" প্রবীণ অভিনেতা জানান, সেই প্রেক্ষিতেই মাঝেমধ্যে ক্যান্টিনে খাবার পরিবেশন করতে আসতেন শাহরুখ। পরবর্তীতে ১৯৯৫ সালে অ্যাকশন-থ্রিলার ছবি 'রাম জানে'তে বাদশার সঙ্গে কাজ করেন পঙ্কজ কাপুর। কিন্তু সেই ছেলেটিই যে ভবিষ্যতের মহাতারকা, বুঝতেই পারেননি শাহিদের বাবা! সাক্ষাৎকারে সেই অতীত কথাই ফাঁস করলেন প্রবীণ অভিনেতা। উল্লেখ্য, একসময়ে এনএসডি যে তাঁর দ্বিতীয় ঘরবাড়ি ছিল, শাহরুখ তাঁর একাধিক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছেন। বাদশা এও বলেছিলেন যে, দশম শ্রেণীতে পড়াকালীন ক্লাস শেষে নিত্যদিন এনএসডি'তে গিয়ে বোন শেহনাজের জন্য দু'ঘণ্টা অপেক্ষা করতেন তিনি। সেসময়ে নাটকের মহড়া দেখার পাশাপাশি অভিনেতাদের নানা সিনেআড্ডাও শুনতেন মন দিয়ে। তবে ক্যান্টিনে যে তিনি খাবার পরিবেশন করতেন, সেকথা আজ পর্যন্ত লাইমলাইটের অন্তরালেই ছিল, যা এবার ফাঁস করে দিলেন পঙ্কজ কাপুর।
