সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা ওমের সঙ্গে জুটি বেঁধে হরর ছবিতে অভিনয় করছেন টলিউডের মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তী (Srabanti)। ছবির নাম ‘ভয় পেও না’। এ খবর নতুন নয়। নতুন খবর হল, বুধবার প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। আর পোস্টারেই ইঙ্গিত মিলল, এই ছবিতে নতুন চমক দিতে চলেছেন শ্রাবন্তী। ছবির পরিচালক অয়ন দে।
শ্রাবন্তী মানেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা ট্রোল, নেটিজেনদের নানা রসিকতা। তবে শ্রাবন্তী এসবে একেবারেই পাত্তা দেন না। বরং শ্রাবন্তীর কাছে সিনে কেরিয়ার খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব বেছে ছবি করেন এবং চেষ্টা করেন নতুন নতুন অবতারে এসে অনুরাগীদের সারপ্রাইজ দিতে। ‘ভয় পেও না’ ছবির পোস্টারেও রয়েছে সেরকমই সারপ্রাইজের আঁচ।
[আরও পড়ুন: মেহেন্দি দিয়ে শুরু অনুষ্ঠান, বিয়েতে আলিয়াকে কী উপহার দিচ্ছেন রণবীর? ]
‘ভয় পেও না’ ছবির চিত্রনাট্য বউমা ও শাশুড়ির সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে। তবে গল্পে রয়েছে দারুণ টুইস্ট। যা নাকি চমকে দেবে দর্শকদের। সেই টুইস্ট কি আসলে ভয়ের? ভূত রয়েছে? ছবির টিম তা নিয়ে মুখ না খুললেও, শ্রাবন্তী কিন্তু বাস্তবে ভূতে বড্ড ভয় পান। তবুও ভূতের ছবি দেখতে দারুণ ভালবাসেন তিনি। শ্রাবন্তীর কথায়, ভূতের ছবির গা ছমছমে ব্যাপারটাই দারুণ লাগে।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এই ছবির একটি শুটিংয়ের ভিডিও। যেখানে অভিনেতা ওমের সঙ্গে বিয়ে করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। ছবিটি মুক্তি পাবে ২৭ মে।
