shono
Advertisement

Breaking News

সাভারকরকে অসম্মান, প্রাণনাশের হুমকি স্বরা ভাস্করকে!

চিঠিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু অশ্লীল শব্দও!
Posted: 07:44 PM Jun 29, 2022Updated: 09:19 PM Jun 29, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাণনাশের হুমকি দেওয়া চিঠি পেলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। জানা গিয়েছে, মুম্বইয়ের বরসোভা এলাকায় অভিনেত্রীর বাড়িতে স্পিড পোস্টের মাধ্যমে এই চিঠি পৌঁছয়। চিঠি পেয়েই স্থানীয় থানায় গোটা বিষয়টি জানিয়েছেন স্বরা। 

Advertisement

পুলিশ জানিয়েছে, চিঠি লেখা হয়েছে হিন্দি ভাষায়। চিঠির শেষে লেখা, এটি দেশের নতুন প্রজন্মের তরফ থেকে। চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে সাভারকরের নামে অসম্মানজনক মন্তব্য করায়  শাস্তি হিসেবে প্রাণ যাবে স্বরার! শুধু তাই নয়, চিঠিতে ব্যবহার হয়েছে বেশ কিছু অশ্লীল শব্দও।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় স্বরা। বিভিন্ন বিষয়ে টুইট করেন তিনি। এর জন্য বিভিন্ন সময় সমালোচিত হতে হয় অভিনেত্রীকে। ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষের পালা চলতে থাকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর জবাবও দেন অভিনেত্রী। তবে প্রাণনাশের হুমকি চিঠি পেয়ে সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী। ২০১৭ সালে সাভারকরকে নিয়ে একটি টুইট করেছিলেন স্বরা, ‘যেখানে তিনি লিখেছিলেন, জেল থেকে মুক্তি পাওয়ার জন্য সাভরকর ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়েছিলেন, ওকে কিছুতেই বীর বলা যায় না।’

[আরও পড়ুন: ব্রেকআপ নয়, প্রেমেই রয়েছেন কিয়ারা, সিদ্ধার্থ! নতুন ছবিতে প্রমাণ দেবে ‘শেরশাহ’ জুটি]

প্রসঙ্গত গত বছরে, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন স্বরা। স্বরার অভিনয় করা একটি দৃশ্য ব্যবহার করে অশালীন মন্তব্য করা হয়েছিল নেটদুনিয়ায়। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘ভীরে দি ওয়েডিং’। ছবিতে সাক্ষীর চরিত্রে অভিনয় করেছিলেন স্বরা। একটি দৃশ্যে তাঁর চরিত্রকে হস্তমৈথুন করতে দেখা গিয়েছিল। তা নিয়ে সেই সময় বিস্তর বিতর্কের সৃষ্টি হয়েছিল। ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। পরবর্তীকালেও নানা বিষয়ে এ প্রসঙ্গ তুলে অভিনেত্রীকে কটূক্তি করা হয়েছে। 

শুধু তাই নয়, শাহরুখ খানের ছেলে আরিয়ানের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন স্বরা। তিনি লিখেছিলেন, “মন্ত্রীর ছেলে ইচ্ছাকৃতভাবে ৪ জন মানুষকে খুন করে (ভিডিওতেই ধরা পড়েছে) বাড়িতে আরাম করছে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক সেবনের দায়ে জেলে। আপেক্ষিকভাবে ভারতবর্ষে মাদক সেবনের চাইতে খুন করা লঘু বিষয়।” বারে বারেই কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। তবে এবার প্রাণনাশের হুমকি পেয়ে দুশ্চিন্তায় স্বরা।

[আরও পড়ুন:‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে ভুল বাংলা উচ্চারণ কার্তিকের! শুধরে দিলেন অনির্বাণ ভট্টাচার্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement