সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত সপ্তাহেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তেলুগু টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পবিত্রা জয়রাম। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই তাঁর সঙ্গী চন্দ্রকান্তর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেল। শোনা যাচ্ছে, পবিত্রার মৃত্যুশোক সামলাতে না পেরেই আত্মহত্যা করেছেন অভিনেতা।
'ত্রিনয়নী' সিরিয়ালের নায়িকা ছিলেন পবিত্রা। আর এই সিরিয়ালেরই নায়ক চন্দ্রকান্ত। দুজনের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে নানা ধরনের খবর দেখা যাচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে, বিবাহিত চন্দ্রকান্ত পবিত্রার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। কোথাও আবার বলা হচ্ছে, স্ত্রী শিল্পা ও সন্তানদের ছেড়ে পবিত্রাকে বিয়ে করেছিলেন অভিনেতা।
[আরও পড়ুন: বেআইনি মাদকের নামে প্রতারণা! বড় জালিয়াতি ফাঁস করলেন আলিয়ার মা সোনি রাজদান ]
গত ১২ মে মর্মান্তিক পথ দুর্ঘটনায় পবিত্রা প্রাণ হারান। একটি বাসের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয় অভিনেত্রীর। সেই সময় নাকি গাড়িতে চন্দ্রকান্ত, গাড়ির চালক ও পবিত্রার বোন ছিলেন। এই ঘটনার সপ্তাহ খানেকের মধ্যেই চন্দ্রকান্তের মৃত্যুর খবর পাওয়া গেল।
